বাকি দুই নারী আসনের তফসিল ঘোষণা

আপডেট : ২৪ মার্চ ২০১৪, ২১:৩৪
জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে অবশিষ্ট দুটি আসনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী এ দুটি আসনে ১৭ এপ্রিল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ দুই আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১ এপ্রিল। যাচাই-বাছাই ২ এপ্রিল ও মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৯ এপ্রিল। সোমবার ইসি সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. সিরাজুল ইসলাম এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তফসিল ঘোষণা করেন। গত ২৩ ফেব্রুয়ারি দশম জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের তফসিল ঘোষণা করে ইসি। পরে গত ২৫ ফেব্রুয়ারি পুনঃতফসিল ঘোষণা করা হয়। মনোনয়ন দাখিলের শেষদিনে ৫০জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। মূলত সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো এ নির্বাচনে অংশ নিতে পারে। এই হিসাবে ক্ষমতাসীন আওয়ামী লীগের ৩৯ জন, ওয়ার্কার্স পার্টি ও জাসদের ২ জন, বিরোধী দল জাতীয় পার্টি-জাপার ৬ জন এবং স্বতন্ত্র জোটের ৩ জন মনোনয়ন জমা দেন। এর মধ্যে ৫০ আসনের মধ্যে ৪৮ জন নারী প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তবে বিল খেলাপির দায়ে আওয়ামী লীগের প্রার্থী সাবিহা নাহার বেগম ও জাতীয় পার্টির প্রার্থী খোরশেদ আরা হকের মনোনয়নপত্র বাতিল করে ইসি। গত ২০ মার্চ বিজয়ী প্রার্থীর গেজেট প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে তাদের শপথ গ্রহণও সম্পন্ন হয়েছে। অবশিষ্ট দুই নারী আসনে আবার নির্বাচন হচ্ছে। সংসদে প্রতিনিধিত্বকারীর সবার জন্য এই দুইটি আসন উন্মুক্ত আছে।