পঞ্চগড় সদর রৌশনাবাগ এলাকায় গত রবিবার অভাবের তাড়নায় দুইদিন বয়সের এক নবজাতক ছেলে সন্তানকে দত্তক দিলেন মা মিনা বেগম। সন্তান দত্তক দেয়ার পর থেকে নবজাতকের মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
জানা গেছে, জেলা শহরের রৌশনাবাগ গ্রামে একটি ভাড়া বাড়িতে ফেরিওয়ালা দেলোয়ার হোসেনের স্ত্রী মিনা বেগম গত শুক্রবার রাতে একটি ছেলে সন্তান প্রসব করেন। গত শনিবার একই মহল্লার মিজানুর রহমান মিজানের কাছে নবজাতক শিশুটিকে দত্তক দেন তার মা।
মিজানের স্ত্রী রাশেদা বেগম জানান, আমাদের ১০ বছর আগে বিয়ে হয়েছে। কিন্তু এই সময়ের মধ্যে
আমাদের কোন সন্তান হয়নি। মিনা বেগম তার নবজাতক শিশুটিকে দত্তক দেয়ার প্রস্তাব দিলে আমরা তাতে সম্মত হই। এর পর শিশুটির মা দত্তক নামায় স্বাক্ষর করে শিশুটিকে দিয়ে চলে যান। যাওয়ার সময় শিশুটির মায়ের হাতে ওষুধ খাওয়ার জন্য এক হাজার টাকা দিয়েছি।
জানা গেছে, ফেরীওয়ালা দেলোয়ারের তিন স্ত্রী রয়েছে। সন্তানও অনেক। কোন স্ত্রী ও সন্তানকে ঠিকমত ভরণপোষণ দেয় না দেলোয়ার হোসেন। মিনা বেগমকেও তার স্বামী খরচ দিতে না পারায় মানুষের বাসায় কাজ করে জীবন-যাপন করেন। তার আরো ২টি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে।
