প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে ৫ দিন ধরে ক্লাস বর্জন

আপডেট : ২৪ মার্চ ২০১৪, ২২:২২
দুর্নীতির অভিযোগে দিনাজপুরের মহারাজা গিরিজানাথ হাইস্কুলের প্রধান শিক্ষকের বিচার ও অপসারণের দাবিতে শিক্ষার্থীরা ৫ দিন ধরে ক্লাস বর্জন করে আন্দোলন চালিয়ে যাচ্ছে। শতবর্ষের প্রাচীন দিনাজপুর শহরের মহারাজা গিরিজানাথ হাইস্কুলের প্রধান শিক্ষক আফরোজা খাতুন ও ক্লার্ক মোঃ জামালের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগে বিচার ও অপসারণ দাবি করে স্কুলের শিক্ষার্থীরা ৫ দিন ধরে ক্লাস বর্জন করে আসছে। অভিযোগে প্রকাশ, স্কুল পরিচালনা কমিটির সদস্যদের ম্যানেজ করে প্রধান শিক্ষক আফরোজা খাতুন শিক্ষক নিয়োগে বাণিজ্যসহ বিভিন্নভাবে আর্থিক অনিয়মের মাধ্যমে স্কুলের স্বার্থ ক্ষুণ্ন করে আসছেন। শিক্ষার্থীরা দুর্নীতির বিচার এবং প্রধান শিক্ষক ও ক্লার্কের অপসারণ দাবি করে ১৮ মার্চ থেকে ক্লাস বর্জন এবং আন্দোলন করে আসছে। স্কুলের দেয়ালে সাঁটানো হয়েছে দুর্নীতি বিরোধী পোস্টার। প্রধান শিক্ষক আফরোজা খাতুনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও দিনাজপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তদন্ত করছেন।