দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ১২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। খবর-ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
চৌগাছায় ছাত্রের লাশ উদ্ধার
যশোর চৌগাছা থেকে গত রবিবার দুপুরে ইউসুফ আলী (১৭) নামে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইউসুফ উপজেলার কংসারিপুর গ্রামের ইসাদুলের ছেলে ও স্বরূপদাহ মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র। গত শুক্রবার ইউসুফ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। রবিবার গোয়াতুলি মাঠে তার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ইউসুফের লাশ উদ্ধার করে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
টেকনাফে বজ্রপাতে শিশু নিহত
টেকনাফ উপজেলার হোয়াব্রাং গ্রামে বজ্রপাতে গত রবিবার দুপুরে আকাশ মণি (৭) নামে এক শিশু মারা গেছে। নূরানী মাদ্রাসা থেকে ফিরে বাড়ির আঙ্গিনায় পৌঁছলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শিবগঞ্জে বজ্রপাতে মহিলা নিহত
উপজেলার শিবগঞ্জ পৌরসভাধীন শেখটোলা ভাটাপাড়া গ্রামে গত রবিবার সন্ধ্যায় এনামুল হকের মেয়ে মোসা. মৌসুমি খাতুন (২৫) বজ্রপাতে নিহত হয়েছে। সে একটি পরিত্যক্ত বাড়ির বারান্দায় দাঁড়িয়ে থাকার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
কাউখালীতে প্রতিবন্ধী তরুণীর লাশ উদ্ধার
পিরোজপুরের কাউখালীতে রবিবার বেকুটিয়ার কচা নদী থেকে মুক্তা দাস নামের এক প্রতিবন্ধী তরুণীর লাশ উদ্ধার করেছে। বেকুটিয়া গ্রামের পরিমল দাসের প্রতিবন্ধী মেয়ে মুক্তা রানী দাস গত রবিবার বেকুটিয়ার ফেরীর দক্ষিণ পার্শ্বে কচা নদীতে গোসল করতে যায়। কিন্তু কয়েক ঘন্টা অতিবাহিত হওয়ার পর বাড়িতে ফিরে না আসায় বাড়ির লোকজন ও এলাকাবাসী নদীতে খোঁজাখুঁজি করে। পরে স্থানীয় ডুবুরিরা মুক্তা দাস নামে প্রতিবন্ধী তরুণীর লাশ উদ্ধার করে। মুক্তা পরিমল দাসের একমাত্র মেয়ে।
চরফ্যাশনে শিক্ষকের লাশ উদ্ধার
চরফ্যাশন পৌরসভার ফরেষ্ট অফিস সংলগ্ন এস ও মফিজ মিয়ার বাড়ির পিছনের বাগানের একটি রেন্টি গাছ থেকে গত রবিবার সকালে মুরালী মোহন রায় (৪৫) নামের এক স্কুল শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে চরফ্যাশন থানা পুলিশ। নিহত মুরালী মোহন রায়ের বাবার নাম রমেশ চন্দ্র রায়। ময়না তদন্তের জন্য লাশ ভোলা মর্গে পাঠানো হয়েছে।
দৌলতপুরে বাড়িতে অগ্নিকাণ্ডে নিহত এক
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার খলশী হালদারপাড়া গ্রামে শনিবার রাতে বাড়িতে অগ্নিকাণ্ডে জয়নাল শেখ (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় বসতঘরসহ জিনিসপত্র ভস্মীভূত ও চারটি ছাগলও পুড়ে মারা গেছে। তবে, আগুনের সূত্রপাত জানা যায়নি। জয়নাল ওই গ্রামের বদর উদ্দিনের ছেলে এবং দুই ছেলের জনক।
যশোরে পানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু
যশোরে পানিতে ডুবে শুভ (২০) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে যশোর এমএম কলেজ পুকুরে গোসল করতে গিয়ে তার মৃত্যু হয়। শুভ শহরের বারান্দিপাড়া বটতলা এলাকার জাহিদুল ইসলামের ছেলে এবং বিসিএমসি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। স্থানীয় সূত্র জানায়, রবিবার দুপুরে বন্ধুদের সাথে এমএম কলেজ পুকুরে গোসল করতে যান শুভ। একপর্যায়ে তিনি পানিতে ডুবে যান।
ঝিনাইদহে কৃষকের হাত-পা
বাঁধা লাশ উদ্ধার
ঝিনাইদহ সদর উপজেলার বদনপুর গ্রামে চান্নু মন্ডল নামে এক কৃষককে শ্বাস রোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাতে এ হত্যাকাণ্ড ঘটে। সোমবার দুপুরে বদনপুরের পার্শ্ববর্তী হামদহডাঙ্গা গ্রামের মাঠে একটি গাছে তার হাত বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
ঝিনাইদহ সদর থানার এসআই গোকুলচন্দ্র অধিকারী জানান, রাতে খাওয়া-দাওয়া করে ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন চান্নু মন্ডল। দুর্বৃত্তরা তাকে বাড়ি থেকে তুলে এনে গলায় ফাঁস দিয়ে হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে রেখে দেয়। তার দু’হাত পিছু মোড়া করে বাঁধা ছিল। এ ব্যাপারে থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে। লাশ পোষ্টমর্টেমে পাঠানো হয়েছে।
দামুড়হুদায় গুলিবিদ্ধ বিকৃত লাশ উদ্ধার
চুয়াডাঙ্গার দামুড়হুদার বোয়ালিয়া সদর পুকুরপাড়ের ছাগলের হাটের কাছ থেকে এক অজ্ঞাত ব্যক্তির হাত বাঁধা অবস্থায় ও মাথায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ জানান, সোমবার ভোর ৬টার দিকে দামুড়হুদা উপজেলার সদর পুকুরপাড়ের ছাগলের হাটের কাছে অজ্ঞাত (৩২) এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। সকাল ১০টার সময় চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান ও দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তার হাত বাঁধা অবস্থায় ও মাথায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা মর্গে প্রেরণ করেছে।
ঈশ্বরগঞ্জে চাচী খুন, মা-বাবা আহত
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভাতিজার হাতে চাচী খুন ও মা-বাবা গুরুতর আহত হয়েছে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, পারিবারিক কলহের জের হিসেবে গতকাল সোমবার ভোরে উপজেলার সোহাগী ইউনিয়নের জিগাতলা গ্রামে আব্দুল কাদিরের পুত্র আল আমিন (২৭) তার বাবা আব্দুল কাদির (৬০) সত্ মা আছিয়া (৫০) কে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় তার চাচী রাজিয়া বেগম (৫৫) আহতদের চিত্কার শুনে বাধা দিতে আসলে আল আমিন চাচীকেও কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন আহতদের চিকিত্সার জন্য ঈশ্বরগঞ্জ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার চাচী রাজিয়া বেগমকে মৃত ঘোষণা করেন।
খোকসায় আওয়ামী লীগ
নেতা ও ঠিকাদার খুন
কুষ্টিয়ার খোকসায় আওয়ামী লীগ নেতা ও ঠিকাদারকে অপহরণের পর গুলি করে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের স্বজনরা জানিয়েছে, রবিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কে,এম মহব্বত হোসেন দুলাল (৫৫) এবং ঠিকাদার ফিরোজ মাহবুব কামাল (৫৭) শোমসপুর বাজারের তাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ী ফেরার পথে অপহূত হয়। শোমসপুর ব্রিজের উপর রাত ১১টার দিকে একটি মাইক্রোবাস দাঁড়িয়ে ছিল বলে স্থানীয়রা জানায়। অপহরণকারীরা কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের পাংশা উপজেলার মাছপাড়া বাসষ্ট্যান্ডের অদূরে মুখে টেপ পেঁচিয়ে শ্বাস রোধ করে ও মাথায় গুলি করে হত্যার পর ফেলে রেখে যায়।
মান্দায় যুবকের মৃত্যু
নওগাঁর মান্দায় এবার গ্রামবাসীর বেধড়ক মারপিটের শিকার হয়ে ও বল্লমের আঘাতে নিয়ামতপুরের অজ্ঞাত যুবকের(৩৬) মৃত্যু ঘটেছে। উপজেলার কুশুম্বা ইউনিয়নের কির্ত্তলী গ্রামে গত বুধবার রাতে ঘটনাটি ঘটে।
