আগামী ৩১ মার্চ’ ১৪ সোমবার পঞ্চম ধাপে অনুষ্ঠিত হবে চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ নির্বাচন। এই ধারাবাহিকতায় সমগ্র উপজেলাব্যাপী চলছে প্রচার-প্রচারণা ও ভোট ভিক্ষা ইত্যাদি কার্যক্রম। এছাড়াও একদিকে চলছে নির্বাচনী এলাকার সর্বত্র পোষ্টার, হ্যান্ডবিল বিতরণ ও মাইকিং কাজ।
নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আওয়ামী লীগ সমর্থিত আনারস প্রতীকের আসাদুল হক বিশ্বাস। অপরদিকে, বিএনপির একাধিক প্রার্থীরা হলেন-জেলা আইনজীবী সমিতির সভাপতি (দোয়াত-কলম), অ্যাডভোকেট শাহজাহান মুকুল, চিংড়ী মাছ প্রতীকের মজিবুল হক মালিক মজু, পরিবহন শ্রমিক নেতা টেলিফোন প্রতীকের এম. জেনারেল ইসলাম, কাপ-পিরিস প্রতীকের শরিফ-উর-জামান সিজার, হেলিকপ্টার প্রতীকের মাহমুদুল হক পল্টু ও মোটর সাইকেল প্রতীকের আবু বক্কর ছিদ্দিক বকুল। এছাড়াও, রয়েছেন বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ঘোড়া প্রতীকের হারুন-অর-রশীদ আঙ্গুর।
ভাইস চেয়ারম্যান পুরুষ পদে বিএনপি সমর্থিত ২ জন ও ১ জন করে আওয়ামী লীগ ও জামায়াত সমর্থিত প্রার্থী রয়েছেন। বিএনপির খন্ডিত ২ গ্রুপ সমর্থিত ভিন্ন ভিন্ন দুইজন প্রার্থী হলেন তালা প্রতীকের মফিজুর রহমান মনা ও চশমা প্রতীকের সাইফুর রহমান ঝন্টু। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মাইক প্রতীকের আজিজুল হক হযরত। জামায়াত সমর্থিত প্রার্থী হলেন টিউব অয়েল প্রতীকের আব্দুল রউফ।
