সিলেটে সন্ত্রাসীদের দেয়া আগুনে দগ্ধ শাওনের মৃত্যু

আপডেট : ২৪ মার্চ ২০১৪, ২২:৩৬
সন্ত্রাসীদের দেয়া আগুনে দগ্ধ এহতেশামুল হক শাওন নামের কিশোরটি দুই দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সোমবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেছে। সে এবছর সিলেট নগরীর আল রাইয়্যান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল। এদিকে শাওনের মৃত্যুর খবর পেয়ে তার সহপাঠীরা সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের সামনের সড়ক প্রায় আধ ঘণ্টা অবরোধ করে রাখে সোমবার। তারা শাওনের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। শাওনের বাবা এনামুল হক সোহাগ জানান, গত শনিবার দুপুরে এসএসসির ব্যবহারিক পরীক্ষার সময় জানতে বাসা থেকে বের হয় শাওন। পথে মুন্সিপাড়া এলাকার হাসান, ছামি, কবীর, সম্রাট, মামুন, স্বপনসহ কয়েকজন শাওনের উপর হামলা চালায়। প্রায় দেড় মাস আগে হামলাকারীদের সাথে ক্রিকেট খেলা নিয়ে ঝগড়া হয় শাওনের। এর জের ধরেই শাওনের উপর হামলা চালানো হয়। শাওনের শরীরে আগুন দেয়ার ঘটনায় তার বাবা বাদি হয়ে কোতোয়ালী থানায় মামলা করেছেন। কোতোয়ালী থানার ওসি জানান, এ মামলায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।