লঙ্কানদের কাছে রেকর্ড সর্বনিম্ন রানে হারলো ডাচরা

আপডেট : ২৪ মার্চ ২০১৪, ২২:৪৭
শ্রীলঙ্কা টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বনিম্ন রানে নেদারল্যান্ডকে আটকে দিয়ে এবারের বিশ্বকাপের এক নম্বর গ্রুপের শীর্ষে উঠলো। নেদারল্যান্ড গতকাল সোমবার চট্রগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত দিবারাত্রির খেলাটিতে ১০.৩ ওভারে ৩৯ রানে অলআউট হয়ে যায়। এটা হলো টি-টোয়েন্টি ক্রিকেটে কোন আন্তর্জাতিক ম্যাচের হিসেবে সর্বনিম্ন স্কোর। আগেরটি ছিল আফগানিস্তানের বিরুদ্ধে কেনিয়ার করা ৫৬ রান। ডাচ অধিনায়ক পিটার বোরেন বলেন,‘এটা অবমাননাকর অনুভূতি। আমরা টপ অর্ডারে ভাল করতে পারিনি এবং লোয়ার অর্ডার মেন্ডিস ও মালিঙ্গার বিরুদ্ধে দাঁড়াতেই পারিনি।’ শ্রীলঙ্কা অধিনায়ক দিনেশ চান্দিমাল বলেন,‘আমরা কখনোই কোন দলকে খাটো করে দেখি না। তবে সতীর্থরা সত্যি ভাল করেছে এবং আমরা সহজেই ম্যাচ জিতেছি।’ শ্রীলঙ্কানদের জয়টি ছিল নয় উইকেটের। এ নিয়ে সুপার টেনে টানা দ্বিতীয় জয় পেল দলটি। গ্রুপের অপর দুই দল দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড একটি করে খেলায় জিতেছে। ডাচদের দেয়া ৪০ রানের লক্ষ্য শ্রীলঙ্কানরা মাত্র পাঁচ ওভারে এক উইকেট হারিয়ে তুলে নেয়। এত বেশি বল হাতে রেখে জেতার ক্ষেত্রেও এটি নতুন রেকর্ড। অ্যাঞ্জেলো ম্যাথুজ ও অজন্তা মেন্ডিস তিনটি করে এবং লাসিথ মালিঙ্গা দুটি উইকেট নেন। ম্যাথুজ ১৬ রানে তিন উইকেট নিয়ে হন ম্যান অব দ্য ম্যাচ। ডাচদের হয়ে এক মাত্র দুই অংকের ঘরে পৌঁছাতে সক্ষম হন টম কুপার (১৬)। অথচ আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত খেলেই দ্বিতীয় পর্বে উঠেছিল দলটি। দক্ষিণ আফ্রিকাকে জেতালেন স্টেইন এর আগে দিনের প্রথম খেলায় নিউজিল্যান্ডকে দুই রানে হারিয়ে অবশেষে জয়ের দেখা পায় দক্ষিণ আফ্রিকা। আগের ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারের পর গতকাল প্রোটিয়াদের জয়ে বড় অবদান ছিল ডেল স্টেইনের। অপরদিকে প্রায় জেতা ম্যাচটা কঠিন করে হারলো নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার ছুঁড়ে দেয়া ১৭১ রানের লক্ষ্যে খেলতে নেমে নিউজিল্যান্ড শেষ পর্যন্ত আট উইকেটে ১৬৮ রানে থেমে যায়। শেষ ওভারে জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার ছিল সাত রানের। কিন্তু ওভারটিতে স্টেইন দুই উইকেট নিয়ে এবং শেষ বলে রস টেলরকে (৬২) রান আউট করে জয় নিশ্চিত করেন। এর আগে জেপি ডুমিনি ৪৩ বলে অপরাজিত ৮৬ রান তুলে অপরাজিত থাকলে দক্ষিণ আফ্রিকানরা পায় লড়াইয়ের ভিত। বিশেষ করে শেষ পাঁচ ওভারে দলটি ৭০ রান তোলে।