সব দল না এলে আগাম নির্বাচন অর্থহীন

আপডেট : ২৪ মার্চ ২০১৪, ২২:৪৮
বিরোধী দল অংশ না নিলে আগাম নির্বাচন হবে অর্থহীন। আগাম নির্বাচনসহ সব ইস্যু আলোচনার টেবিলে রেখেই সমাধানে পৌঁছতে হবে। সফররত ইউরোপীয় পার্লামেন্টের চার সদস্যের প্রতিনিধি দলের নেতা জ্যঁ ল্যামবার্ট সোমবার স্থানীয় একটি হোটেলে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। তিনি আরো বলেন, পাঁচ জানুয়ারির নির্বাচনের পুনরাবৃত্তি হলে আগাম নির্বাচন কাম্য নয়। সকল বৈধ রাজনৈতিক দল অংশ নিলে নির্বাচন গ্রহণযোগ্য হবে। সেজন্য অবশ্যই সংলাপের প্রয়োজন আছে। এমন একটি পরিস্থিতি সবার কাম্য, যেখানে রাজনীতিতে সব মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটবে। এক প্রশ্নের জবাবে মিস ল্যামবার্ট বলেন, ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনের পর ইউরোপীয় পার্লামেন্টে গৃহীত ‘নির্বাচন বিশ্বাসযোগ্য ও জনগণের মতের প্রতিফলন হয়নি’ শীর্ষক প্রস্তাবটি এখনো বহাল রয়েছে। অপর এক প্রশ্নের জবাবে মিস ল্যামবার্ট বলেন, এদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড উদ্বেগের পর্যায়ে রয়েছে। প্রতিটি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। উপজেলা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনে অনিয়মের ঘটনাগুলো নির্বাচন কমিশন কিভাবে তদন্ত করে আমরা জানতে চাইব। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কাছে জানতে চাইব জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করে সুবিধা ও অসুবিধার দিকগুলো কী। এক্ষেত্রে তাদের কৌশল জানতে চাইব। ইউরোপীয় পার্লামেন্টে দক্ষিণ এশিয়ার সঙ্গে সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারপার্সন জ্যঁ ল্যামবার্ট ছাড়া প্রতিনিধি দলের অপর তিন সদস্য হলেন- জন এ্যাটার্ড মনতালতো, সালভাদর সেডো আই আলাবার্ট ও নিকোলো রিনালদি। বাংলাদেশে ইইউ রাষ্ট্রদূত উইলিয়াম হানা সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে উপস্থিত ছিলেন। গতকাল সকালে এই প্রতিনিধি দল আটটি পশ্চিমা দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশের তৈরি পোশাক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর মধ্যাহ্ন ভোজ বৈঠকে যোগ দেন ও দ্বিপাক্ষিক ইস্যুতে আলোচনা করেন।