মুন্সীগঞ্জে নিয়ে দুই জনের মাথায় গুলি, নিহত ১

আপডেট : ২৪ মার্চ ২০১৪, ২২:৪৯
গতকাল সোমবার শ্রীনগর উপজেলার দক্ষিণ পাইকশা গ্রামে গুলিবিদ্ধ হয়ে হানিফ মিয়া (২৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় গুলিবিদ্ধ লেদার মিস্ত্রী সোহেল আরমানকে (৩৫) মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রীনগর থানার ওসি শেখ মাহবুবুর রহমান জানান, ঢাকার দয়াগঞ্জ মীরহাজিবাগ থেকে ৩টি মটরসাইকেলে করে ৭ জন এখানে আসেন। বিকাল সাড়ে ৫টার দিকে এদের মধ্যে দু’জনকে খুব কাছে থেকে মাথায় গুলি করে কেউ। গুলির শব্দ এবং আর্তনাদ শুনে আশপাশের লোকজন আসার আগেই বাকি ৫ জন মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়। লোকজন গিয়ে রাস্তার পাশে হানিফের নিথর রক্তাক্ত দেহ দেখতে পায়। এর একটু দূরে ধানক্ষেতে পড়েছিল গুলিবিদ্ধ সোহেল আরমান। তাকে প্রথমে শ্রীনগরের ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে স্বজনরা এসে তাকে ঢাকায় নিয়ে যায়। সোহেল আরমানের স্ত্রী রহিমা বেগম জানান, বেলা ১২টার দিকে বেড়াতে যাওয়ার কথা বলে বন্ধুরা তাকে এখানে নিয়ে আসে। এর চেয়ে বেশী কিছু তার জানা নেই। সোহেলের বাবা ধোলাইখালের পিকআপ চালক মনির হোসেন জানান, লেদারমিস্ত্রীর কাজ ছাড়াও সোহেল দোকানে দোকানে মিল্কভিটার দুধ বিক্রি করতো। তবে তাকে কেন গুলি করা হয়েছে তা তিনি জানেন না। নিহত হানিফ সম্পর্কেও তিনি কিছুই জানাতে পারেন নি। এদিকে আহত আরমান পুলিশকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে পুলিশ জানিয়েছে। হত্যাকারীদের গ্রেফতার ও ক্লু বের করতে অভিযান শুরু করেছে তারা। হানিফ মিয়ার লাশ শ্রীনগর থানায় রাখা হয়েছে। তবে পুলিশ এখনও তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি।