নবীনগরের চেয়ারম্যান কবীরকে অবাঞ্ছিত ঘোষণা

আপডেট : ২৫ মার্চ ২০১৪, ২১:০১
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বীরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কবীর আহমেদের বিরুদ্ধে চাঁদাবাজি, নির্যাতন ও অবৈধ ড্রেজিংয়ের মাধ্যমে প্রতিদিন লাখ লাখ টাকার বালু উত্তোলনসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। বাইশমৌজা বাজারের সরকারি খাস জমিতে দোকান বরাদ্দ দেয়ার কথা বলে স্থানীয়দের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। গত সোমবার বিকেলে বাইশমৌজা বাজারে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন এডভোকেট আসাদুজ্জামান আসাদ, সমাজ সেবক সিরাজুল ইসলাম শান্তু, ইকবাল হোসেন রেনু, আবুল খায়ের সর্দ্দার ও চিকন আলী প্রমুখ। সভা থেকে এসব অপকর্মের জন্য এলাকায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। চাঁদাবাজিসহ একাধিক মামালায় গ্রেফতারী পরোয়ানা থাকার পরও তাকে গ্রেফতার না করায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সমাবেশ থেকে তাকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়।