চলাচল অনুপযোগী হয়ে পড়েছে কিশোরগঞ্জে ৮শ মিটার সড়ক। পাকা ওই সড়কের পিচ উঠে খানাখন্দের সৃষ্টি হওয়ায় ও ধসে যানবাহনসহ চলাচলে চরম দুর্ভোগের শিকার হচ্ছে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ পথচারীরা।
সরেজমিনে দেখা গেছে, কিশোরগঞ্জ থানা মোড় থেকে কিশোরগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয় ও কিশোরগঞ্জ সরকারি কলেজে যাওয়া সড়কটি সংস্কারের অভাবে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। অপরদিকে কিশোরগঞ্জ বাজারের বড় পুলের সামনে থেকে বাহাগিলি ইউনিয়ন পরিষদে যাওয়ার একমাত্র সড়কের দু পাশে বৃষ্টির পানি নেমে যাওয়ার কোনো ব্যবস্থা না থাকায় সড়কটি ধসে গেছে। ইউনিয়ন পরিষদের অর্থায়নে সড়কটির দু পাশে বাঁশের খুঁটি দিয়ে বালুর বস্তা ফেলে কোনো রকমে মেরামত করলেও তা কাজে আসছে না।
কিশোরগঞ্জ সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আকতারুল মিয়া বলেন, কিশোরগঞ্জ থানা মোড় থেকে সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে দিয়ে কিশোরগঞ্জ সরকারি কলেজে যাওয়ার সড়কের বিভিন্ন জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ কারণে ভ্যান কিংবা অটো সরাসরি কলেজে যেতে চায় না। তাই শিক্ষার্থীরা বাধ্য হয়ে অটোভ্যান থেকে থানা মোড়ে নেমে হেটে কলেজে যায়।
বাহাগিলি ইউনিয়নের উত্তর দুরাকুটি গ্রামের কৃষক আলম হোসেন বলেন, বাহাগিলি ইউনিয়ন থেকে কিশোরগঞ্জ যাওয়ার একমাত্র সড়কটির দু পাশের বিভিন্ন জায়গায় ধসে যাওয়ায় কৃষকরা তাদের উত্পাদত আগাম আলু জমি থেকে সরাসরি ট্রাকে করে ঢাকাসহ বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারেন না। সড়কটির দু পাশে ধসে যাওয়ার কারণে অতিরিক্ত ভ্যান ভাড়া দিয়ে কৃষকদের উত্পাদিত পণ্য কিশোরগঞ্জ বাজারে নিয়ে গিয়ে ট্রাকে লোড করতে হচ্ছে।
বাহাগিলি ইউপি চেয়ারম্যান আতাউর রহমান শাহ দুলু বলেন, সড়কটি সংস্কারের জন্য উপজেলা প্রকৌশলীকে বলা হয়েছে।
উপজেলা প্রকৌশলী এসএম কেরামত আলী নান্নু বলেন, কিশোরগঞ্জ থানা মোড় থেকে সরকারি কলেজ পর্যন্ত ৩শ মিটার সড়ক এবং বাহাগিলি ইউনিয়নের ৫শ মিটার সড়ক সংস্কারের জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বরাদ্দ আসলে আগে ওই সড়ক দুটি মেরামত করা হবে।
