রাবিতে প্রকাশ্যে ঘুরছেন ছাত্রলীগের সেই অস্ত্রধারীরা

আপডেট : ২৫ মার্চ ২০১৪, ২২:২১
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্ধিত ফি ও সান্ধ্যকোর্স বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গত ২ ফেব্রুয়ারি হামলাকারী ছাত্রলীগের অস্ত্রধারীরা আবারও প্রকাশ্যে পুলিশের সামনে দিয়ে ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছেন। এদিকে হামলার এক মাস ২৩ দিন পার হলেও তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি তদন্ত কমিটি। জানা গেছে, অস্ত্রধারীরা সবাই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানার ছত্রচ্ছায়ায় এখন বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক হলের বিভিন্ন কক্ষে অবস্থান করছেন। এতে করে ওই হলের আবাসিক শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের সকলের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক। শিক্ষার পরিবেশ সুষ্ঠু রাখতে অস্ত্রধারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নসহ বামসংগঠনগুলো। তবে পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তারা অস্ত্রধারীদের খুঁজে না পাওয়ায় তাদের আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হচ্ছে না। ছাত্রলীগের একটি সূত্র নিশ্চিত করেছে, অস্ত্রধারীদের মধ্যে সুদীপ্ত সালাম, ফয়সাল আহম্মেদ রুনু, মুস্তাকিম বিল্লাহ ও নাসিম আহমেদ সেতু গত কয়েকদিন ধরে ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছেন। এদের মধ্যে সালাম ও রুনু ২৩০, সেতু ৩১৭ নম্বর কক্ষে থাকছেন বলে সূত্রটি জানিয়েছে। মুস্তাকিম হলে না থাকলেও অন্য অস্ত্রধারীদের সাথে ক্যাম্পাসে ঘুরছেন। এ ব্যাপারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রাধ্যক্ষ এস এম জাহিদ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। এদিকে ওই ঘটনার দেড় মাসের বেশি সময় পার হলেও এখনও তদন্ত প্রতিবেদন জমা দেয়নি কমিটি। এজন্য শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাও প্রত্যাহার করা হচ্ছে না বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে। তদন্ত কমিটির প্রধান ও বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক খালেকুজ্জামান বলেন, দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকায় এ ঘটনায় অভিযোগকারী ও অভিযুক্ত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলা যায়নি। তদন্ত শেষ হতে আরও ১৫ দিন সময় লাগতে পারে বলে তিনি জানান। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান বলেন, ক্যাম্পাস খোলার পর প্রশাসনের পক্ষ থেকে কমিটিকে তাগিদ দেয়া হচ্ছে। খুব দ্রুত এ তদন্ত শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।