মোদীর আসনে লড়াইয়ের ঘোষণা কেজরিওয়ালের

আপডেট : ২৫ মার্চ ২০১৪, ২৩:০৮
আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষ্যে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভোটযুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিতে গিয়ে পচা ডিমের আঘাত ছাড়াও কালিবর্ষণের শিকার হতে হলো আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে। গতকাল মঙ্গলবার বেনারসে এই ঘটনা ঘটে। সেখানে মোদীর সমর্থকরা তাকে দফায় দফায় নাজেহাল করে। মঙ্গলবার আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বেনারস সফরটা অনেকটাই নাটকীয় ছিল। হেভিওয়েট প্রার্থী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বেনারস কেন্দ্রে ভোটে লড়াটাকে ‘ছোট ঘটনা’ বলে মন্তব্য করায় ক্ষুব্ধ হয় মোদী ভক্তরা। এরপর আত্মবিশ্বাসী কেজরিওয়াল বিজেপি প্রধানমন্ত্রী প্রার্থীর বিরুদ্ধে লড়াইয়েল ঘোষণা দেন। পচা ডিম ও কালির ছিটার অপমানের পরেও সেই ট্রেডমার্ক হাসি ছিল কেজরিওয়ালের মুখে। তিনি আত্মবিশ্বাসের সাথে বলেন, মোদীকে হারাতে তার বেগ পেতে হবে না। উল্লেখ্য, এর আগে দিল্লি বিধানসভায় সবাইকে চমকে ভোটে দাঁড়িয়েছিলেন ছিলেন সাবেক মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের বিরুদ্ধে। তাকে পরাজিত করতেও সক্ষম হয়েছিলেন। কিন্তু বেনারসে নেমে প্রথম দিনে কেজরিওয়াল বুঝলেন বেনারস থেকে মোদীর বিরুদ্ধে লড়াইটা সহজ হবে না। কেজরিওয়াল সেখানে পৌছাতেই মোদীর সমর্থকরা তার বিরুদ্ধে নানারকম শ্লোগান দিতে থাকে। তার গাড়িবর যেখানে যাচ্ছিল বিজেপির ছাত্র সংগঠন তার পিছু পিছু ধাওয়া করছিল। এক পর্যায়ে তিনি কাশী বিশ্বনাথ মন্দিরে যান। সেখানে তিনি আরতিতে অংশ নেন। কিন্তু মন্দির থেকে বের হতেই মোদীর সমর্থকরা তার বিরুদ্ধে শ্লোগান দিতে শুরু করে। এক পর্যায়ে তার দিকে পচা ডিম ছুড়ে মারা হয়। একটি ডিম কেজরিওয়ালের গাড়িতে এবং আরেকটি কেজরিওয়ালের এক সঙ্গীর গায়ে লাগে। বারানসী আসনে ভোটগ্রহণ হবে ১২ মে। ভোট গণনা হবে ১৬ মে।