ফেনীতে যুবদল নেতার মস্তকবিহীন লাশ উদ্ধার

আপডেট : ২৫ মার্চ ২০১৪, ২৩:০৯
সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের কসকা রামপুর এলাকার কালিদাস পাহালিয়া নদীর পাশ থেকে গত সোমবার রাতে এক ব্যক্তির মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি যুবদল নেতা আবুল কালামের (৩০) বলে দাবি করেছে পুলিশ ও ইউনিয়ন যুবদল নেতারা। পুলিশ জানায়, নিহত আবুল কালাম লেমুয়া ইউনিয়নের মিজিকোনা গ্রামের মৃত দলিলুর রহমানের ছেলে। লেমুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। আবুল কালাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জমির হত্যা মামলার অন্যতম আসামি। বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির এএসআই মো. সিরাজুল ইসলাম জানান, কালিদাস পাহালিয়া নদী সংলগ্ন লেমুয়া ইউনিয়নের কসকা রামপুর এলাকার মিজিবাড়ির পাশের ঝোপে মস্তক বিহীন লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অন্য কোথাও তাকে হত্যা করে লাশটি ওই স্থানে ফেলে যায়। লেমুয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ চৌধুরী জানান, সমপ্রতি জমির হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন নিয়ে এলাকায় আসে আবুল কালাম। গত সোমবার একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন তিনি।