নৈরাজ্য ও নেতিবাচক রাজনীতির দিন শেষ :নাসিম

আপডেট : ২২ মে ২০১৯, ২৩:০০

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, নৈরাজ্য ও নেতিবাচক রাজনীতির দিন শেষ হয়ে গেছে। বিএনপিকে ধ্বংসাত্মক রাজনীতি পরিহার করে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান তিনি।  গতকাল বুধবার মোহাম্মদ নাসিম তাঁর নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ সদরের ছোনগাছায় এক ইফতার মাহফিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, বিএনপির নির্বাচিত এমপিদের সংসদে যোগদান যেমন ইতিবাচক তেমনি বগুড়ায় উপ-নির্বাচনে অংশগ্রহণের সিদ্বান্তও দেশের রাজনীতির জন্য ইতিবাচক ঘটনা। আওয়ামী লীগসহ ১৪ দল বিশ্বাস করে দেশে একটি সত্যিকারের বিরোধী দল সংসদে সরকারের ভুলত্রুটি তুলে ধরে সমালোচনা করুক।

ছোনগাছা ইউনিয়নের ভাটপিয়ারী হাফিজিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানা আয়োজিত ইফতার মাহফিল পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন ছোনগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম।  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক এমপি তানভীর শাকিল জয়সহ অন্যান্য নেতৃবৃন্দ। ইফতার মাহফিলে বিশেষ মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ এম মনসুর আলীসহ জাতীয় চার নেতা এবং একাত্তরে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়া বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মোহাম্মদ নাসিমের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক মাওলানা মাসুদুর রহমান।