ট্রেড ইউনিয়নে বাধা অব্যাহত থাকলে জিএসপি মিলবে না

আপডেট : ২৫ মার্চ ২০১৪, ২৩:৩৭
বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের কার্যকর ট্রেড ইউনিয়ন গঠনে বাধা দেয়া হচ্ছে বলে আবারো অভিযোগ তুলেছে যু্ক্তরাষ্ট্রের সিনেট কমিটি। এই অবস্থা অব্যাহত থাকলে স্থগিত হওয়া জিএসপি সুবিধা (বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার) পুনরুদ্ধারে অনিশ্চয়তার ইঙ্গিত দিয়েছে দেশটি। গত সোমবার গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলামের কাছে পাঠানো একটি চিঠিতে দেশটির পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক সিনেট কমিটির চেয়ারম্যান রবার্ট মেনেনডেজ বলেছেন, ‘ট্রেড ইউনিয়ন সংগঠকরা চাকরিচ্যুতি ও ভয়ভীতির শিকার হলে নতুন করে জিএসপি প্রদানে আমি সমর্থন দিতে পারি না।’ প্রসঙ্গত, রবার্ট মেনেনডেজের পরামর্শের ভিত্তিতেই গত বছর বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিত করে দেশটির ‘ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ’ (ইউএসটিআর) কর্তৃপক্ষ। চিঠিতে মেনেনডেজ বলেন, ট্রেড ইউনিয়ন করতে আগ্রহী শ্রমিকরা এখনো চাকরিচ্যুতিসহ মালিকপক্ষের মাধ্যমে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। গত মাসেই চারজন ট্রেড ইউনিয়ন সংগঠক হামলার শিকার হন। তারা বেশ কয়েকদিন হাসপাতালেও ছিলেন। এই অবস্থা অব্যাহত থাকলে নতুন করে বাংলাদেশের জিএসপি সুবিধা প্রদানে সমর্থন দেয়া হবে না। অভিযুক্ত মালিকদের বিরুদ্ধে এ বিষয়ে বিজিএমইএকে কঠোর হওয়ার আহ্বান জানান তিনি। মেনেনডেজের বক্তব্য দুর্ভাগ্যজনক : বাণিজ্যমন্ত্রী এদিকে ট্রেড ইউনিয়ন করতে শ্রমিকদের বাধা দেয়া হচ্ছে- এমন বক্তব্যকে দুর্ভাগ্যজনক হিসেবে আখ্যায়িত করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশের পোশাক শিল্পখাতে যখন স্থিতাবস্থা বিরাজ করছে, সেই মুহূর্তে এই খাত নিয়ে রবার্ট মেনেনডেজের এমন বক্তব্য সরকারের বোধগম্য নয়। এ ধরনের বক্তব্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। এ ধরনের কোনো তথ্য সরকারের কাছে বা কোনো সংস্থার কাছেও নেই। গতকাল সচিবালয়ে নিজ দফতরে ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আলব্রেখট কোনজের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, জিএসপি সুবিধা ফিরে পেতে প্রায় সকল শর্ত পূরণ করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ডাটাবেইজ উদ্বোধন করা হবে। আর ৩১ মার্চের মধ্যে ২০০ গার্মেন্ট পরিদর্শক নিয়োগ প্রক্রিয়া শেষ হবে বলে তিনি জানান।