কেরানীগঞ্জে শিশু হত্যার দায়ে ২ জনের মৃত্যুদণ্ড

আপডেট : ২৫ মার্চ ২০১৪, ২৩:৩৮
কেরানীগঞ্জের পুরাতন সোনাকান্দা প্রভাতী বিদ্যানিকেতনের প্লে-গ্রুপের ছাত্র নাফিসকে হত্যার দায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে দ্রুত বিচার আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন আলী হোসেন ও মো. শফিক। তবে অপরাধ প্রমাণিত না হওয়ায় মোহাম্মদ খলিল নামের এক আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদলত। গতকাল মঙ্গলবার ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এবিএম সাজেদুর রহমান মঙ্গলবার এই রায় দেন। আসামিরা বিচার শুরুর পর থেকেই পলাতক রয়েছেন। গত ২০১২ সালের ২১ ফেব্রুয়ারি বিকালে নিখোঁজ হয় শিশু নাফিস। ওই রাতে অপহরণকারীরা নাফিসের মায়ের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না পাওয়ায় আসামিরা শিশু নাফিসকে খুন করে। ২৩ ফেব্রুয়ারি ভোরে একটি মসজিদের সামনে তার লাশ ফেলে রেখে যায় অপহরণকারীরা। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি মো.মাহবুবুর রহমান। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট হাবিবুর রহমান।