সাতক্ষীরায় গ্রামীণফোনের থ্রিজি সেবা চালু
সাতক্ষীরা প্রতিনিধি\ সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে শুরু হল গ্রামীণফোন কোম্পানীর থ্রিজি সেবা। মঙ্গলবার বেলুন উড়িয়ে এ থ্রিজি সেবার উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক নাজমুল আহসান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক নাজমুল আহসান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গ্রামীণফোনের টেরিটোরি অফিসার রিয়াজ ফয়সাল, ডা. আফতাবুরজামান, কাজী মনিরুজামান মকুল, কল্যাণ ব্যানার্জী প্রমুখ। বক্তরা এসময় বলেন, ডিজিটাল প্রযুক্তির যুগে গ্রামীণফোনের যে থ্রিজি পরিসেবা চালু করলো এটা সাধারণ জনগণের জন্য সত্যিই একটি ভাল দিক ।
বানারীপাড়ায় তৃণমূল নারী নেত্রী নেটওয়ার্কের সম্মেলন
বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা\ বানারীপাড়ায় “অগ্রগতির মূল কথা নারী-পুরুষের সমতা” শ্লোগানকে সামনে রেখে তৃণমূল নারী নেত্রী নেটওয়ার্কের দশম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকালে এ উপলক্ষে পৌর শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে তৃণমূল নারী নেত্রী নেটওয়ার্কের সভাপতি তাসলিমা বেগমের সভাপতিত্বে ও সম্পাদক মেরিনা পারভীনের সঞ্চালনায় দিনব্যাপী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ এজেড মোরশেদ আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোশারেফ হোসেন, সমাজসেবা কর্মকর্তা মোফাজ্জেল হোসেন চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা শামিমা ইয়াসমিন, নাগরিক উদ্যোগের ফিল্ড অফিসার আবু নাসের মাসুদ।
যশোরে পুলিশ সুপারের মতবিনিময়
যশোর অফিস\ যশোরের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার আনিসুর রহমান। গত মঙ্গলবার এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় নবাগত এসপি আনিসুর রহমান বলেন, অস্ত্র ও মাদক নির্মূল তার প্রথম কাজ। আর এক্ষেত্রে রাজনৈতিক কোনো হস্তক্ষেপ আমলে নেয়া হবে না। তবে এজন্য সাংবাদিকসহ সকলের সহযোগিতা চান নবাগত এসপি। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কেএম আরিফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সদর) রেশমা শারমিন, সহকারী পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস ও সৈয়দ মোস্তফা কামাল। মতবিনিময় সভায় সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।
পবিপ্রবিতে ভেটেরিনারি ছাত্র সমিতির নবীনবরণ
পবিপ্রবি (পটুয়াখালী) সংবাদদাতা \ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন শিক্ষাবর্ষ এর সকল ছাত্র-ছাত্রীদের বরণ করে নেয়া হয়েছে। গত মঙ্গলবার এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অত্র অনুষদের ডীন ড. মো. আব্দুল মতিন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. একেএম মোস্তফা আনোয়ার, সহকারী প্রক্টর ড. মো এনামুল হক কায়েস, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন সেমিস্টারের ছাত্র-ছাত্রীবৃন্দ। এতে সভাপতিত্ব করেন সহকারী অধ্যাপক ড. মিল্টন তালুকদার।
মধুখালীতে প্রাইম ব্যাংকের শাখা উদ্বোধন
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা\ গত মঙ্গলবার ফরিদপুরের মধুখালীতে প্রাইম ব্যাংক লিমিটেড এর ১৩৬তম শাখার শুভ উদ্বোধন করা হয়। জাঁকজমক পূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে মধুবন কমপ্লেক্সে মধুখালী শাখার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাইম ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলাম। ব্যাংকের ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক আহম্মাদ কামাল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান মঞ্জু। বক্তব্য রাখেন এইচ গ্রুপের পরিচালক বি কে বড়ুয়া, মধুখালী শাখা ব্যবস্থাপক নাছিমুজ্জামান, নবনির্বাচিত মধুখালী উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান মোল্লা প্রমুখ।
নরসিংদীতে এওয়ার্ড পেলেন সরকার আদম আলী
নরসিংদী প্রতিনিধি \ ব্র্যাক মিডিয়া এওয়ার্ড ২০১৪ পেয়েছেন দৈনিক ইনকিলাবের নরসিংদী জেলা সংবাদদাতা, বিশিষ্ট সাংবাদিক সরকার আদম আলী। যক্ষ্মার উপর গবেষণামূলক রিপোর্টের ভিত্তিতে ব্র্যাক কর্তৃপক্ষ এই এওয়ার্ড প্রদান করেছে। এ উপলক্ষে আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. দ্বীন মোহাম্মদ নুরুল হকের নিকট থেকে সাংবাদিক সরকার আদম আলী আনুষ্ঠানিকভাবে এওয়ার্ড, ক্রেস্ট এবং সার্টিফিকেট গ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাকের ভাইস চেয়ারপার্সন ড. মোস্তাক আর চৌধুরী। বক্তৃতা করেন ব্র্যাকের এইচএনপিপি’র এসোসিয়েট ডাইরেক্টর ড. মোঃ আকরামুল ইসলাম, ন্যাশনাল টিবি কন্টোল প্রোগ্রামের টিবি লেপ্রোসি বিভাগের ডাইরেক্টর এমবিডিসি এবং লাইন ডিরেক্টর ড. মোঃ আসহাক হোসাইন, চ্যানেল আই’র ডাইরেক্টর ও সংবাদ বিভাগের প্রধান শাইখ সিরাজ, দৈনিক সমকালের কো-এডিটর রশিদুন্নবী বাবু ও দৈনিক ফিনানসিয়াল এক্সপ্রেস’র সাংবাদিক এজেডএম আনাস প্রমুখ।
গৌরীপুর কলেজে ছাত্রদল ও ছাত্রলীগের সংঘর্ষ
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা\ গত মঙ্গলবার দাউদকান্দি উপজেলার গৌরীপুর মুন্সী ফজলুর রহমান সরকারি কলেজে ছাত্রদল ও ছাত্র লীগের মধ্যে সংঘর্ষ ঘটলে উভয় পক্ষের ৪ জন আহত হয়। একটি অনুষ্ঠানে বক্তব্য দানকে কেন্দ্র করে গত দুই দিন যাবত্ উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলার পর আজ দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে আফিস কবির, ইয়াসির আরাফাত, তারেক ও ফজলে রাব্বি নামক উভয় পক্ষের ৪ ব্যক্তি আহত হয়। পুলিশ আসিফ কবিরকে গ্রেফতার করেছে।
শিবালয়ে নিরাপদ সড়ক বিষয়ক কুইজ প্রতিযোগিতা
শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা\ ‘নিরাপদ সড়ক আমাদের অধিকার-বাস্তবায়নে চাই অঙ্গীকার’ এ শ্লোগান নিয়ে সোমবার শিবালয় ব্র্যাক উপজেলা কেন্দ্রীয় আব্দুল গনি সরকার উচ্চ বিদ্যালয় মিলনায়তনে নিরাপদ সড়ক আচরণবিধি প্রবর্তন প্রকল্পের উদ্যোগে কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। প্রধান শিক্ষক মোঃ জালালউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোঃ দিদারুল আলম, ব্র্যাক প্রধান কার্যালয় কর্মকর্তা মিজানুর রহমান,সাংবাদিক বাবুল আকতার মঞ্জুর প্রমুখ বক্তব্য রাখেন।
চাঁদপুর সরকারি কলেজে বিদায় সংবর্ধনা
চাঁদপুর প্রতিনিধি\ চাঁদপুর সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর রুহুল আমিন অবসরজনিত এবং প্রভাষক মো. লোকমান হোসেনের বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মিহির লাল সাহা। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বর্তমান বিভাগীয় প্রধান অসিত বরণ দাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ ড. এ.এস.এম. দেলওয়ার হোসাইন, চাঁদপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মাসুদুর রহমান, পুরান বাজার বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ রতন কুমার মজুমদার প্রমুখ।
নন্দীগ্রামে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৫নং ইউনিয়নের বিষা গ্রামের মৃত মছির উদ্দিনের পুত্র সাইফুল ইসলামের পুকুর খনন করার সময় স্থানীয় লোকজন একটি মূর্তি দেখে নন্দীগ্রাম থানায় পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করে । মূর্তিটি উদ্ধার করতে গিয়ে কতিপয় লোকজন পুলিশকে বাধা প্রদান করে। বিশেষ নিরাপত্তার মাধ্যমে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে । এ ব্যাপারে এস আই আকিবুল ইসলাম জানান, মূর্তিটি কষ্টি পাথরের।
ডোমারে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে উপকরণ বিতরণ
ডোমার (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর ডোমার উপজেলায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে জিইউক উপজেলা প্রতিনিধি আবু নাছের সিদ্দিক তুহিনের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিউর রহমান প্রধান অতিথি ছিলেন। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ সেলিম শাহ, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা এটিএম তৈয়বুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মশিউর রহমান, প্রেসক্লাব সভাপতি মোঃ মোজাফ্ফর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
দেবিদ্বারে ফের পাইপে নারীর লাশ
কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লা দেবিদ্বার উপজেলায় ফের পানির পাইপ থেকে মহিলার লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার বিকালে জেলার দেবিদ্বার উপজেলার রামপুর গ্রামে একটি সিমেন্টের পাইপের ভেতর থেকে পুলিশ অজ্ঞাত পরিচয় মহিলার লাশ উদ্ধার করে। এর আগে গত ১৩ মার্চ একই উপজেলার ছেঁচরাপুকুরিয়া গ্রামে ৮০ ফুট গভীর একটি নলকূপের পাইপের ভেতর থেকে গৃহবধূ শাহিনা আক্তারের লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রামপুর গ্রামের রামপুর মাদ্রাসাসংলগ্ন রাস্তার পাশে পানি নিষ্কাশনের সিমেন্টের তৈরি একটি পাইপের ভেতর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেয়। দেবিদ্বার থানার ওসি মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকালে পাইপটি ভেঙ্গে গলায় রশি পেঁচানো ৩০/৩৫ বছর বয়স্ক অজ্ঞাতনামা মহিলার গলিত লাশ উদ্ধার করে। আনুমানিক ১০/১৫ দিন আগে লাশটি ওই পাইপের ভেতর লুকিয়ে রাখা হয় বলে পুলিশের ধারণা।
পীরগঞ্জে বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত
পীরগঞ্জ (ঠাকুরগাও) সংবাদদাতা \ ইএসডিও’র উদ্দ্যোগে বর্ণ বৈষম্য বিলোপ দিবস উপলক্ষে মঙ্গলবার আদিবাসি সম্প্রদায় এক র্যালী বের করে। উপজেলা অডিটরিয়ামে নৃতাত্বিক ও দলিত জনগোষ্ঠি উন্নয়ন ফোরামের সভাপতি মাইকেল হাসদার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহম্মেদ। বিশেষ অতিথির বত্তৃতা করেন উপজেলা প্রকৌশলী তাজমিল খান, ওসি এ কে এম মেহেদী হাসান, প্রেস ক্লাব সভাপতি মোঃ মেহের এলাহী ও যুগ্ন সম্পাদক মোকাদ্দেস হায়াত মিলন, ইএসডিও’র উপজেলা ম্যানেজার শাহ্ মোঃ আমিনুল হক ও প্রেম দ্বীপ প্রকল্পের সম্বন্বয় কারী সিরাজুস সালেকিন। আদীবাসীদের মধ্যে বত্তৃতা করেন কানন কিসকু, আলবিনা মুরমু, মোহন, জোসেফ প্রমুখ।
আরিচায় ‘বারুণী স্নান’ ২৮ মার্চ
শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা \ হিন্দু সম্প্রদায়ের অন্যতম উত্সব ‘বারুণী স্নান’ উপলক্ষে আরিচাঘাটের যমুনা পাড়ে ৩ দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। আগামী ২৮ মার্চ শুক্রবার ভোর ৫টা থেকে স্নানের আনুষ্ঠানিকতা শুরু হবে। শিবালয় বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি ইকবাল হোসেন জানান, প্রায় আড়াইশ’ বছরের ঐতিহ্যবাহী এ স্নান অনুষ্ঠান ও মেলা আয়োজনের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কালীগঞ্জে মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা
কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা\ গাজীপুরের কালীগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার কালীগঞ্জ লেডিস ক্লাবের উদ্যোগে সভাপতি ও শিশুমেলা আইডিয়াল স্কুলের অধ্যক্ষ আবিদা সুলতানার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এসএম নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ইউএনও মো. কামরুল আহ্সান তালুকদার, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এডভোকেট আশরাফী মেহেদী হাসান, মহিলা ভাইস-চেয়ারম্যান তাসলিমা রহমান লাভলী উপস্থিত ছিলেন।
নবাবগঞ্জে বখাটের কারাদণ্ড
নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি\ ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে তাপস সিদ্ধা (১৯) নামে এক বখাটেকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তাপস দক্ষিণ শোল্লা বটতলা এলাকার সুশিল সিদ্ধার ছেলে। নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক সোহেল রানা জানান, স্কুল ছাত্রীর মা থানায় অভিযোগ করলে গতকাল বুধবার সকালে স্কুল গেটে অবস্থান নেয় থানা পুলিশ। এসময় ঐ ছাত্রীকে উত্ত্যক্ত করার সময়ে পুলিশ তাপসকে আটক করে থানায় নিয়ে আসে। পরে দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহিদ উল্লাহ’র ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
সরাইলে আহমদিয়া
সরাইলে মুসলিম জামাতের সালনা জলসা বন্ধ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি\ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আহমদিয়া মুসলিম জামাতের সালনা জলসা বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। গতকাল বুধবার সরাইল মীর বাড়ির অভ্যন্তরে এ জলসার আয়োজন করা হয়। কিন্তু প্রশাসন সকালে জলসা বন্ধের নির্দেশ দেয়। আহমদিয়া সম্প্রদায়ের লোকজন জানায়, মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। সরাইলের মীর বাড়িস্থ আহমদিয়া জামাতের (১০০) একশত বছর পূর্তি হয়েছে। এ উপলক্ষে দোয়া মাহফিল হিসেবে আমরা সংক্ষিপ্ত একটি জলসার আয়োজন করেছিলাম।
তাড়াশে গুচ্ছ গ্রামের ১০ পরিবার আগুনে সর্বস্বান্ত
চলনবিল (সিরাজগঞ্জ) সংবাদদাতা\ তাড়াশ উপজেলার মাগুড়ামুকন্দ গুচ্ছ গ্রামে অগ্নিকাণ্ডে ১০টি পরিবার সর্বস্বান্ত হয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে বিদ্যুতের সট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। অল্প সময়ের মধ্যে গুচ্ছ গ্রামে বসবাসরত ১০টি পরিবারে আগুন ছড়িয়ে পড়ে এবং ভূমিহীন বিত্তহীন দুঃস্থ পরিবারগুলোর সকল দ্রব্য সামগ্রী আগুনে পুড়ে ভস্মীভূত হয়। তাত্ক্ষণিক ভাবে মাগুড়াবিনোদ ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বাচ্চু ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে চাল ক্রয়ের জন্য আর্থিক সাহায্য প্রদান করেছেন।
হাজীগঞ্জে ছাত্রলীগ নেতা হিটু বহিষ্কার
হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা \ চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান হিটুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত মঙ্গলবার কেন্দ ীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক রাছেল মাহ্মুদ স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে দলের সকল পদ থেকে বহিষ্কার করার লিখিত নির্দেশনা আসে।
জানা গেছে, হাবিবুর রহমান হিটু দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
মৌসুমী প্রতিযোগিতায় মৌলভীবাজারের শিশুরা শীর্ষে
মৌলভীবাজার প্রতিনিধি \ সিলেট অঞ্চল পর্যায়ের শিশুদের মৌসুমী প্রতিযোগিতায় মৌলভীবাজারের জেলার শিশুরা ৪টি বিষয়ের মধ্যে ৪টিতেই শীর্ষস্থান অধিকার করার গৌরব অর্জন করেছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এবং বাংলাদেশ শিশু একাডেমী পরিচালিত সিলেট অঞ্চল পর্যায়ের এই প্রতিযোগিতা সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, বি. বাড়িয়া ও মৌলভীবাজার জেলার মধ্যে এবং দেশাত্মবোধক জারীগান, দলীয় নৃত্য, উপস্থিত বিতর্ক ও জ্ঞান জিজ্ঞাসা বিষয়ে অনুষ্ঠিত হয়। দেশাত্মবোধক জারীগান বিষয়ে শ্রীমঙ্গল চন্দ নাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়, দলীয় নৃত্য ও উপস্থিত বিতর্ক বিষয়ে দি ফ্লাওয়ার্স কেজি হাইস্কুল এবং জ্ঞান জিজ্ঞাসা বিষয়ে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ৫টি জেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করে।
দিনাজপুরে ব্যতিক্রম ধর্মী শিশুমেলার সমাপনী
স্টাফ রিপোর্টার, দিনাজপুর\ বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দিনাজপুর অঞ্চল উন্নয়ন কর্মসূচি ও ঝুঁকিপূর্ণ শিশু উন্নয়ন প্রকল্পের সৌজন্যে দিনব্যাপী শিশুমেলা গত মঙ্গলবার শেষ হয়েছে। বেলুন উড়িয়ে শিশু মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ হামিদুল হক, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রংপুর বিভাগীয় পরিচালক ডাঃ গ্লোরিয়াস গ্রেগরী দাস। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এডিসি সার্বিক মোঃ হামিদুল হক। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রংপুর বিভাগীয় পরিচালক ডাঃ গ্লোরিয়াস গ্রেগরী দাস, ডাঃ মাসতুরা খাতুন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সন্ধ্যা রাণী বাগচী প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক উপস্থাপনা করেন রতন দাস।
সৈয়দপুরে ৫ গরিব মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ উচ্চ শিক্ষা গ্রহণে অনুপ্রাণিত করতে সৈয়দপুরের ৫ গরিব ও মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল বুধবার আমেরিকান নিউইয়র্কস্থ বৃহত্তর রংপুর জনকল্যাণ সমিতির সহযোগিতায় ডা. রেহানা জামান প্রকল্পের আওতায় এ বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছা. শাকেরিনা বেগম। এতে সভাপতিত্ব করেন এ প্রকল্পের কো-অর্ডিনেটর ও সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি সাংবাদিক আমিনুল হক। এতে বক্তব্য রাখেন সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের উপদেষ্টা অধ্যক্ষ ও সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আলহাজ্ব মো. আব্দুল বাসির মিয়া, অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল প্রমুখ।
নবীনগরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ মহান স্বাধীনতা দিবসে গতকাল নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ফায়জুর রহমান বাদল। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শাহ জিকরুল আহম্মেদ খোকন, উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক সরকার, সাবেক মুক্তিযোদ্ধা সামছুল ইসলাম শাহন। সংবর্ধনা অনুষ্ঠানে ৫ জন বীর প্রতীককে বিশেষ সম্মাননা প্রদান করা হয় । তারা হলেন মরহুম আবদুল সালাম, মরহুম সামছুল হক, মরহুম আবদুল লতিফ, মিজানুর রহমান ও মোঃ হাফিজ উদ্দিন ।
রাজৈরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হামলা
টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা\ প্রশাসনের উদ্যোগে রাজৈর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত শারীরিক কসরত, ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠানের শেষে পুরস্কার বিতরণ নিয়ে সদরের দুই স্কুলের ছাত্র ও শিক্ষকদের মধ্যে কথা কাটাকাটি, হাতাহাতি ও বালিকা বিদ্যালয়ে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে । ফলে ছাত্রীরা আতংকগ্রস্ত হয়ে পড়ে এবং অনুষ্ঠানের কার্যক্রম ব্যাহত হয়। এ ব্যাপারে মামলা দায়ের হয়েছে।
স্বাধীনতা স্বর্ণপদক পেলেন গুরুদাসপুরের দোলন
গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা\ মহান স্বাধীনতা স্বর্ণপদকে-১৪’ভূষিত হলেন নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম দোলন। ‘সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটস’ নামে একটি সংগঠন তাকে ওই পদক দেয়। গত ১৩ মার্চ ‘সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ওই পদক বিতরণ করা হয়। এসময় বিচারপতি জয়নুল আবেদীন, বিচারপতি শিকদার মকবুল হক, সাবেক ডিআইজি মো. আনোয়ার হোসেন ও সংগঠনের উপদেষ্টা মো. এমদাদুল হক উপস্থিত ছিলেন।
ফুলবাড়িতে শতাধিক শিশু ডায়রিয়ায় আক্রান্ত
ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুরের ফুলবাড়িতে গত এক সপ্তাহের ব্যবধানে শতাধিক শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ স্থানীয় চিকিত্সকদের কাছে চিকিত্সা নিয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, ডাইরিয়ায় আক্রান্ত অন্তঃবিভাগে ভর্তি রয়েছে উপজেলার বিভিন্ন এলাকার অন্তত ৫০ জন শিশু। এছাড়াও বহিঃবিভাগেও চিকিত্সকের কাছেও ডায়রিয়ার চিকিত্সা নিতে এসেছে অন্তত অর্ধশত শিশু। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. হাবিবুর রহমান চৌধুরী বলেন, বর্তমান আবহাওয়ার সাথে ব্যাপকহারে বিভিন্ন প্রকার ভাইরাস ঘুরছে। শিশুদের রোগ প্রতিরোধক ক্ষমতা কম থাকাসহ মায়েরা শিশুদের কাপড় চোপড় নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন না করাসহ শিশুদের খাওয়ার বিষয়ে সচেতন না হওয়ায় শিশুরা বেশি ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে।
