নবাবগঞ্জে ওষুধের দোকান বন্ধে ভোগান্তি

আপডেট : ২৩ মে ২০১৯, ০০:১৫

ড্রাগ প্রশাসনের পরিদর্শক আসার গুজব

g দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

ঢাকার নবাবগঞ্জে ড্রাগ প্রশাসনের পরিদর্শক আসবেন গুজবে উপজেলার ওষুধের দোকানগুলো বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন রোগীরা। গতকাল বুধবার বিকালে ড্রাগ প্রশাসনের পরিদর্শক আসবেন বলে উপজেলা সদরে অর্ধশতাধিক ওষুধের দোকান বন্ধ করে দেন এর মালিকরা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মালিক জানান, ড্রাগ প্রশাসনের পরিদর্শক আসবেন এবং বিভিন্ন অজুহাতে জরিমানা আদায় করবেন এ ভয়ে তারা দোকান বন্ধ করেছেন। সাধারণ রোগীরা ওষুধ কিনতে না পারায় তারা দুঃখ প্রকাশ করেন। উপজেলার টিকরপুর, আগলা, কোমরগঞ্জ, বক্সনগর, বাগমারা, নবাবগঞ্জ সদর, সাদাপুর ও বান্দুরার শতাধিক দোকান গতকাল বন্ধ রাখা হয়। এ ব্যাপারে ড্রাগ সমিতির সভাপতি আব্দুস সালাম বলেন, পরিদর্শক আসবেন কি না আমার জানা নেই। যারা দোকান বন্ধ রেখেছে এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। তবে যাদের কাগজপত্র নেই তাদের কাগজ তৈরি করার অনুরোধ করেন তিনি।