এবার জিতলে সবার জন্য খাদ্য বাসস্থান সুস্বাস্থ্য

আপডেট : ২৬ মার্চ ২০১৪, ২৩:২১
ভারতের ক্ষমতাসীন জোটের প্রধান দল কংগ্রেস গতকাল বুধবার তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। কংগ্রেস বলেছে, এবার যদি ভোটে জিতে তারা ক্ষমতায় আসতে পারে তবে সবার জন্য খাদ্য, নিরাপদ বাসস্থান ও সু স্বাস্থ্য নিশ্চিত করা হবে। কংগ্রেসের নির্বাচনী ইশতেহার গতকাল ছিল ভারতের অন্যতম আলোচিত বিষয়। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, বর্তমান প্রধানমন্ত্রী মনমোহন সিং ও কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ইশতেহার প্রকাশ করা হয়। এদিন কংগ্রেস আগামী নির্বাচনে নিজেদের স্লোগানও প্রকাশ করে। কংগ্রেসের এবারের স্লোগান, ‘কণ্ঠ আপনার, অঙ্গীকার আমাদের’। নির্বাচনী ইশতেহারে এবার বেসরকারি ক্ষেত্রেও তফশিলি জাতি-উপজাতি সম্প্রদায়ের জন্য আসন সংরক্ষণ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয় হয়। সেই সঙ্গে বিদেশে পাচার করা কালো টাকা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে সোনিয়া গান্ধীর দল। এছাড়া ভোটে জিতলে যুবসমাজকে চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে বলেও ঘোষনা দেয়া হয়েছে। নতুন করে সরকার গঠন করলে কংগ্রেস জোট গরীবদের জন্য লাখ লাখ কর্মসংস্থান সৃষ্টি করবে বলেও জানায়। ইশতেহারে দুর্নীতি দমনকে বিশেষ প্রাধান্য দেয়া হয়েছে। দ্রব্যমূল্য হ্রাস, নারীর ক্ষমতায়নসহ অসংখ্য প্রতিশ্রুতি দিয়েছে দলটি। ইশতেহার সম্পর্কে বলতে গিয়ে রাহুল গান্ধী বলেন, নতুন মেয়াদে ক্ষমতায় গেলে ভারতের দুর্বল অবকাঠামোকে শক্তিশালী করতে আমরা ১ টিলিয়ন ডলার ব্যয় করব। তিনি আরো বলেন, একটি উন্নয়নশীল দেশে মুখের কথাতেই দুর্নীতি নির্মূল করা যায় না। তবে এবার ক্ষমতায় গেলে কংগ্রেস দুর্নীতিকে নির্বাসন দিতে সর্বোচ্চ চেষ্টা করবে।