দেশের ৩ স্থানে গত মঙ্গলবার রাতে ও গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহতসহ ৩০ জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। ইত্তেফাকের স্থানীয় সংবাদদাতার পাঠানো খবর।
নারায়ণগঞ্জ প্রতিনিধি: জেলার সোনারগাঁও উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল বুধবার সকালে একটি যাত্রীবাহী বাস উল্টে ঘটনাস্থলে ৪ জন নিহতসহ ৩০ জন আহত হয়। এ ঘটনায় প্রায় আধাঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। নিহতদের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— বাসের হেলপার জনি, সোনারগাঁও-এর চৈতি গার্মেন্টের পোশাক শ্রমিক হাসান এবং পারুল আকতার।
আহত ৩০ জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, সোনারগাঁও-এর ত্রিপরদী নতুন বাস স্ট্যান্ড এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ডিভাইডারের উপর উঠে বাসটি উল্টে গেলে ঘটনাস্থলে ৪ জনের মৃত্যু হয়।
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে জেলার মির্জাপুর উপজেলার আছিমতলা এলাকায় গতকাল দুপুরে বাসের সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। নিহতরা সবাই মোটর সাইকেল আরোহী। তারা হলেন— উপজেলার কুরনি গ্রামের সোহেল (১৭), আদাবাড়ি গ্রামের রোকন ওরফে রাসেল (১৮) ও ধনবাড়ির সেলিম (১৯)। রোকনের বাবা নজরুল ইসলাম বলেন, ঢাকা থেকে গোপালপুরগামী একটি বাস তাদের মোটর সাইকেলকে চাপা দিলে এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় স্থানীয়রা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা: জেলার ফকিরহাটে মোটর সাইকেল ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। বাগেরহাট-খুলনা মহাসড়কের লখপুর এলকায় গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— ছাত্রদল নেতা মো. কাওসার আহম্মেদ এবং বিপ্লব হোসেন। কাটাখালী হাইওয়ে থানার পুলিশ সার্জেন্ট নূরুজ্জামান কাজল বলেন, মঙ্গলবার রাতে বাগেরহাট থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাসের বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে তাদের মৃত্যু হয়।
