বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, জিএসপি ফিরে পেতে যুক্তরাষ্ট্র যে শর্ত দিয়েছিল তা বাংলাদেশ একে একে পূরণ করছে। আগামী ১৫ এপ্রিলের মধ্যে যুক্তরাষ্ট্রের দেয়া সব শর্ত পূরণ করে একটি রিপোর্ট পাঠানো হবে।
গতকাল বুধবার সাভারের জিরাবোতে রপ্তানিমুখী চামড়া শিল্প প্রতিষ্ঠান পিকার্ড বাংলাদেশ লিমিটেড-এর একটি নতুন প্লান্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের চামড়া শিল্পকে পরিকল্পিতভাবে গড়ে তোলার জন্য চামড়া শিল্প নগরী প্রতিষ্ঠার কাজ চলছে। অল্প সময়ের মধ্যে নতুন ক্যাম্পাসে ট্যানারি শিল্প প্রতিষ্ঠানগুলো স্থানান্তর করা সম্ভব হবে। তিনি বলেন, বিশ্ববাজারে বাংলাদেশি চামড়ার অনেক চাহিদা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।
বাংলাদেশে বর্তমানে কোন শ্রমিক অসন্তোষ নেই উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, মালিক শ্রমিক মিলেমিশে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। শ্রমিকদের ন্যূনতম মজুরি, নিরাপদ কাজের পরিবেশ ও অধিকার নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। আশা করা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধার উপর স্থগিত আদেশ প্রত্যাহার করা হবে।
পিকার্ড বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মানীর রাষ্ট্রদূত ড. আলব্রেচট কোনজি, পিকার্ড জার্মানীর ডাইরেক্টর থমাস পিকার্ড, পিকার্ড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সায়ফুল ইসলাম, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম প্রমুখ।
