ফিলিস্তিন-ইসরাইল শান্তি আলোচনার মেয়াদ বৃদ্ধির লক্ষ্যে ইউরোপ সফর স্থগিত করে গত বুধবার আম্মানের পথে রওয়ানা হয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। দেশটির পররাষ্ট্র দপ্তর একথা জানিয়েছে। আলোচনার সময়সীমা বাড়াতে দুই দেশের কর্তৃপক্ষের ওপর চাপ প্রয়োগ করাই তার এ সফরের লক্ষ্য। এ লক্ষ্যে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে দেখা করবেন কেরি। যদিও এর আগেই তিনি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে টেলিফোনে কথা বলেন। পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, দুই পক্ষকেই আমরা আলোচনা অব্যাহত রাখার আহ্বান জানাব। আগামী ২৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে দুই দেশের মধ্যকার এ আলোচনা। এদিকে চতুর্থবারের মত ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিষয় নিয়ে অস্থিশীল পরিস্থিতির উদ্ভব হয়েছে। প্রেসিডেন্ট আব্বাস জোর দিয়ে বলেন, সরাসরি আলোচনা শুরুর আগেই ইসরাইলকে তাদের প্রতিশ্রুতি রাখতে হবে।
