বঙ্গবন্ধুর ‘জুলিও ক্যুরি’ শান্তি পদক প্রাপ্তির ৪৬তম বার্ষিকী আজ

আপডেট : ২৩ মে ২০১৯, ০০:৩৯

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও ক্যুরি’ শান্তি পদক প্রাপ্তির ৪৬তম বার্ষিকী আজ। গণতন্ত্র, স্বাধীনতা ও শান্তি আন্দোলনে অবদান রাখায় ১৯৭৩ সালের এই দিনে বিশ্ব শান্তি পরিষদ বঙ্গবন্ধুকে এ পুরস্কারে ভূষিত করে। এ সম্মান পাওয়ার পর বঙ্গবন্ধু নিজেই বলেছিলেন, ‘এ সম্মান কোনো ব্যক্তিবিশেষের জন্য নয়। এ সম্মান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী শহীদদের, স্বাধীনতা সংগ্রামের বীর সেনানীদের। ‘জুলিও ক্যুরি’ শান্তিপদক সমগ্র বাঙালি জাতির।’ দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সেমিনার, আলোচনা সভা এবং পদক বিতরণ। ‘জুলিও ক্যুরি’ বঙ্গবন্ধু শান্তি সংসদ আজ বৃহস্পতিবার  বিকাল ৪টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা এবং বঙ্গবন্ধু শান্তি পদক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রধান অতিথি হিসেবে এ পদক বিতরণ করবেন। ‘জুলিও ক্যুরি’ পদক প্রাপ্তির ৪৬ বছর পূর্তি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।