বাকিতে এক বছর তেল আমদানির সুযোগ পেল বিদ্যুতকেন্দ্রগুলো

আপডেট : ২৩ মে ২০১৯, ০০:৪০

এক বছর পর্যন্ত বাকিতে তেল আমদানির সুযোগ পেল বেসরকারি বিদ্যুতকেন্দ্রগুলো। আগে এ খাতের বিদ্যুতকেন্দ্রগুলো ৬ মাস পর্যন্ত বাকিতে তেল আমদানি করতে পারত। গতকাল বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনায় ১৮০ দিনের (ছয় মাস) পরিবর্তে ৩৮০ দিন মেয়াদে বাকিতে এলসি খোলার নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করা হয়। ওই নির্দেশনা অথোরাইজড ডিলার (এডি) ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের পাঠানো হয়।

ওই নির্দেশনায় বলা হয়, বিদেশি মুদ্রায় লেনদেন নীতিমালায় আমদানিকারকরা তাদের নিজেদের কোম্পানির উত্পাদনের কাজে ব্যবহারের জন্য ১৮০ দিন পর্যন্ত বাকিতে কাঁচামাল আমদানি করতে পারে। তবে বিদ্যুত্ খাতের প্রতিষ্ঠানগুলোকে সুবিধা দিতে কাঁচামালের আমদানি মূল্য পরিশোধে ১৮০ দিনের পরিবর্তে ৩৬০ দিন সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া বৈদেশিক মুদ্রা লেনদেন নীতিমালার অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

দেশে বিদ্যুতের চাহিদা মেটাতে বেসরকারি বিদ্যুত্ কেন্দ্রগুলোকে আগেও এমন বেশকিছু অর্থায়ন সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।