যশোরে ছিনতাই হওয়া সাড়ে ১৪ লাখ টাকা উদ্ধার

আপডেট : ২৭ মার্চ ২০১৪, ২২:২৮
যশোরে ১৪ লাখ ৩৮ হাজার টাকা ছিনতাইয়ের ৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ছিনতাই হওয়া এ টাকা বিকাল ৪টার দিকে উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশের গুলিতে ইউসুফ আলী তারা ওরফে তারা বাবু (২৬) আহত হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বাবু শহরতলী সন্ন্যাসীদীঘির পাড়ের চানমিয়ার ছেলে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, এমএম পরিবহনের ১৪ লাখ ৩৮ হাজার টাকা নিয়ে প্রাইভেট কারযোগে চালক মিলন মিয়া যশোর ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে যাচ্ছিলেন। পথে ফাতেমা হাসপাতালের সামনে পৌঁছালে ৩ ছিনতাইকারী মোটরসাইকেলে প্রাইভেটকারটির গতিরোধ করে। এরপর অস্ত্রের মুখে ঐ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঐ টাকা উদ্ধারে অভিযান শুরু করে। বিকেল ৪টার দিকে পুলিশ সন্ন্যাসীদীঘির পাড় এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারী তারা বাবু ওই এলাকা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ তাকে গুলি করলে তার পায়ে গুলিবিদ্ধ হয়। পরে ছিনতাই হওয়া ১৪ লাখ ৩৮ হাজার টাকাসহ তাকে আটক করা হয়। যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টায় উদ্ধার হওয়া টাকাসহ ছিনতাই প্রক্রিয়া সাংবাদিকদের ব্রিফ করেন। ব্যবসায়ীর উপর বোমা হামলা এদিকে যশোর সদরের রাজারহাট এলাকায় এক ব্যবসায়ীর ওপর বোমা হামলা চালিয়ে প্রায় তিন লাখ টাকা ছিনতাই হয়েছে। বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী আবু বক্কর মোড়ল যশোর সদরের আবাদ কচুয়ার জমির মোড়লের ছেলে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।