বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশে গণতান্ত্রিক সরকার নেই বলে কৃষকের কপাল পুড়েছে। কৃষক ধান বিক্রি করে উত্পাদন খরচও পাচ্ছেন না। তাই বিক্ষুব্ধ কৃষক মনের দুঃখে পাকা ধান খেত আগুনে পুড়িয়ে দিচ্ছেন। এটি জাতির জন্য চরম লজ্জা ও দুর্ভাগ্যজনক। সরকার চাল রপ্তানির চিন্তা করছে, অন্যদিকে আমদানিও করছে। চাল মজুদ যদি পর্যাপ্তই থাকে, তাহলে আবার আমদানি কেন? এতে আগামীতে কৃষক ধান উত্পাদন করবে না। দেশ হবে চাল আমদানিনির্ভর। যা দেশের জন্য অশনি সংকেত।
ড. মোশাররফ গতকাল বুধবার রাজধানীর শনির আখড়ায় একটি কমিউনিটি সেন্টারে ঢাকাস্থ হোমনা উপজেলা জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত ইফতারপূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন। সংগঠনের সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন কেন্দ্রীয় শ্রমিক দল নেতা এ কে এম ফজলুল হক মোল্লা, স্থানীয় কাউন্সিলর আলহাজ মো. জুম্মন মিয়া, মো. মহিউদ্দিন, শফিকুল ইসলাম, ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জ্বল, ফোরামের সাধারণ সম্পাদক আব্দুর রহিম সরকার প্রমুখ।
ড. মোশাররফ হোসেন গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, গণতন্ত্রের মুক্তির জন্য আগে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন দিতে এ সরকারকে বাধ্য করা হবে।
