মধ্য এপ্রিলে সারাদেশে ডিসি-ইউএনও এবং এসপি-ওসি পদে বড় ধরনের রদবদল হচ্ছে! এজন্য যোগ্য ডিসি বাছাইয়ের কাজ শুরু হচ্ছে আগামীকাল শনিবার থেকে। ইতিমধ্যে ২৪১ জন কর্মকর্তাকে পরীক্ষায় ডাকা হয়েছে। এদের মধ্য থেকে প্রায় ১০০ জন ডিসি হবার উপযুক্ত কর্মকর্তা বাছাই করা হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। অনুরূপভাবে এসপি এবং ওসি পদেও সম্ভাব্য রদবদল বিবেচনায় নিয়ে কাজ চলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।
সংশ্লিষ্টরা জানান, উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দেশের বেশিরভাগ জেলা ও উপজেলায় ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে ডিসি-ইউএনওদের দূরত্ব তৈরি হয়েছে। প্রায় প্রতিদিনই সংসদ সদস্য কিংবা দলীয় প্রভাবশালী নেতারা জনপ্রশাসন মন্ত্রণালয়ে এসে ডিসি-ইউএনওদের বদলির তদবির করছেন। একইভাবে পুলিশ সুপার ও ওসিদের বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেনদরবার চলছে। অনেক ক্ষেত্রে ডিসি-ইউএনও কিংবা এসপি-ওসিরাও তদ্বির করছেন বিদ্যমান কর্মস্থল ত্যাগ করার জন্য।
একাধিক ডিসি-এসপি-ইউএনও এবং ওসির সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা নির্বাচনে ক্ষমতাসীনদের পছন্দমত কাজ না করায় অনেক জায়গায় সংসদ সদস্য বা প্রভাবশালী নেতাদের রোষানলে পড়েছেন তারা। আবার ঠিকঠাক ভোট নেয়ার অপরাধেও অনেককে হুমকি-ধামকির মুখে পড়তে হচ্ছে। তাই বিরূপ পরিস্থিতির মুখে গোটা মাঠ প্রশাসন। এ অবস্থায় প্রশাসনের স্বাভাবিক কাজ-কর্ম চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না-এমন মত দিয়েছেন ওইসব কর্মকর্তারা। তবে কিছু কর্মকর্তা আছেন যারা নিজেদের কুকীর্তি আড়াল করতে বিদ্যমান কর্মস্থল ত্যাগের জন্য আগাম তদ্বির শুরু করেছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, আগামীকাল শনিবার থেকে ৯ম থেকে ১৫তম ব্যাচের ২৪১ জন উপসচিবের ডিসি পদের উপযুক্ততা পরীক্ষার জন্য সাক্ষাত্কার নেয়া হবে। এখান থেকে ১০০ জন কর্মকর্তাকে বাছাই করার উদ্দেশ্য রয়েছে। বর্তমানে ৯ম থেকে ১৩ তম ব্যাচের কর্মকর্তারা ডিসি রয়েছেন। এদের অনেককে দ্বিতীয়বারের মতো ডিসি পদে অন্য কর্মস্থলে বদলি করা হবে। অনেক জায়গায় নতুন ডিসি নিয়োগ করা হবে।
অন্যদিকে আগামী ডিসেম্বর মাস থেকে ২৭তম ব্যাচের কর্মকর্তাদের ইউএনও হিসাবে নিয়োগ দেয়া শুরু হবে। এরআগে রদবদলের প্রয়োজনে ২৪ ও ২৫তম ব্যাচের যেসব কর্মকর্তাকে এখনো ইউএনও পদে নিয়োগ করা যায়নি-তাদেরকে নিয়োগ দেয়া হবে।
এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, রদবদলের জন্য এসপি এবং ওসিদের সম্ভাব্য একাধিক নাম যাচাই-বাছাই চলছে। ইতিমধ্যে ক্ষমতাসীনদের অভিযোগের প্রেক্ষিতে অনেক জায়গা থেকে এসপি এবং ওসি প্রত্যাহার করতে হয়েছে। আবার নির্বাচন কমিশনের নির্দেশ মেনে অনেক ডিসি-এসপি, ইউএনও প্রত্যাহার করতে হবে। প্রসঙ্গত, ইসির নির্দেশে সম্প্রতি ঢাকার বিভাগীয় কমিশনার পদেও রদবদল করা হয়েছে।
