উপজেলা নির্বাচন

চতুর্থ ধাপের ১০ কেন্দ্রে পুনঃভোট ৯ এপ্রিল

আপডেট : ২৭ মার্চ ২০১৪, ২৩:০০
উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে গোলযোগের কারণে স্থগিত হওয়া চার উপজেলার ১০ কেন্দ্রে আগামী ৯ এপ্রিল পুনরায় ভোট গ্রহণ করা হবে। নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ আশফাকুর রহমান ইত্তেফাককে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের চিঠি পাঠানো হয়েছে। এর মধ্যে সিলেটের কানাইঘাটে ভাইস চেয়ারম্যান পদের জন্য একটি কেন্দ্রে, কুমিল্লার বরুড়ায় ভাইস চেয়ারম্যান পদের জন্য দু’টি কেন্দ্রে, কক্সবাজারে কুতুবদিয়ায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের জন্য দু’টি কেন্দ্রে, পটুয়াখালীর দুমকিতে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস- চেয়ারম্যানের জন্য পাঁচটি কেন্দ্রে ভোট হবে। আশফাকুর রহমান জানান, মুন্সিগঞ্জের গজারিয়ার স্থগিত ভোটকেন্দ্রগুলো নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এ ব্যাপারে সিদ্ধান্ত পরে জানানো হবে।