গণমাধ্যমকে গণতন্ত্র রক্ষায় প্রহরীর ভূমিকা নিতে হবে :তথ্যমন্ত্রী

আপডেট : ২৭ মার্চ ২০১৪, ২৩:০০
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দুর্নীতি গণতন্ত্রকে দুর্বল করে। আর জঙ্গিবাদ গণতন্ত্রতে ধ্বংস করে দেয়। রোধ করে গণমাধ্যমের কণ্ঠ। গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে প্রহরীর ভূমিকা পালন করতে হবে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট ও জার্মান উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত ‘দুর্নীতি দমন ও দুর্নীতি প্রতিরোধে অনুসন্ধানী সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, গণতন্ত্রের জানালা খুললে পোকামাকড়ও আসবে। তাই থেমে থাকলে চলবে না। দুর্নীতির সত্য খবর ছাপানোর জন্য কোন ভয় নেই। সরকার দুর্নীতির প্রশ্নে একচুলও ছাড় দেবে না। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘কৃষকের অধিকার এবং কৃষি আদালত’ শীর্ষক গোল টেবিল বৈঠকে হাসানুল হক ইনু বলেন, সরকার দেশের কৃষি উন্নয়ন ও কৃষকের অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। তিনি বলেন, কৃষিক্ষেত্রে বীজে ভেজাল, কীটনাশকে ভেজাল, নিরাপধ পানি সমস্যা, কৃষি শ্রমিকদের মজুরি, নারী কৃষি শ্রমিকদের সমমজুরি বিষয়ক সমস্যা থেকে উত্তরণের জন্য কৃষি আদালত গঠন করা জরুরি।