মহাখালীতে তরুণীর রহস্যজনক মৃত্যু

আপডেট : ২৭ মার্চ ২০১৪, ২৩:১৭
রাজধানীর মহাখালীতে গতকাল বৃহস্পতিবার ইসরাত জাহান বহ্নি নামে (২৪) এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ এ ঘটনায় তার প্রেমিক রানাকে আটক করেছে। ইসরাতের বাসা মুগদা এলাকায়। গ্রামের বাড়ি নরসিংদীর বেলাবো উপজেলার আমতলী। আটক রানা দাবি করেছেন, গত ৩ মার্চ ইসরাত তার মা-বাবার সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়ে তার বাড়িতে ওঠে। গতকাল দুপুরে ইসরাত চায়ের সঙ্গে পটাশ জাতীয় বিষ মিশিয়ে খেয়ে ছটফট করছিলেন। এ সময় তিনি মেয়েটির বাবাকে ফোনে বিষয়টি জানান। পরে ইসরাতের বাবাসহ তাকে নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য রানাকে আটক করেছে। এদিকে ইসরাতের বাবা আহসান উল্লাহ জানান, গত ৩ মার্চ তার মেয়ে রানার সাথে নাটকে অভিনয় করার নামে বাড়ি থেকে দুই লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। তিনি আরও জানান, রানার সঙ্গে তার পরিবারের আগে থেকে পরিচয়ও ছিল না। ইসরাত পালিয়ে যাওয়ার পর তারা জানতে পারেন রানা নামের এক ছেলের সঙ্গে সে পালিয়ে গেছে। এসময় তিনি বলেন, তার মেয়ের মৃত্যুর সঙ্গে রানা জড়িত থাকতেও পারে। মোহাম্মদপুরে তরুণীর লাশ উদ্ধার রাজধানীর মোহাম্মদপুরে বসিলা সিটি ডেভেলপার নামের একটি প্রতিষ্ঠানের প্রকল্প এলাকা থেকে গতকাল সকালে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ওই প্রকল্প এলাকায় কাশবনের ভিতর থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশ গলিত হওয়ার কারণে তার বয়স সনাক্ত করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ তাকে হত্যা করে লাশ সেখানে ফেলে রেখে গেছে। লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।