সময় পাল্টেছে, কার্টুনকে জীবন্ত রূপ দেওয়া এখন অনেক সহজ। কম্পিউটারের যুগে কার্টুনিস্টদের অনেকেই রং-তুলি, কলম ছেড়ে কি-বোর্ড, মাউস ধরেছেন। তবে কার্টুনের কারিগরি দিক যতই পরিবর্তিত হোক, যে জিনিসটি পরিবর্তিত হয়নি তা হলো এর আনন্দ দেওয়ার ক্ষমতা। বিশ্বের হাজারো তরুণেরা কাজ করে চলেছে এই কাল্পনিক জগতটিতে। তেমনই একজন হলেন স্টিভেন সেগাল। কার্টুনিস্ট এই তরুণকে নিয়ে লিখেছেন প্রাঞ্জল সেলিম
বিখ্যাত অ্যালিয়েন বিষয়ক কার্টুন বেন টেনের কথা আমাদের সবারই জানা আছে। তারপরও কার্টুনটি সম্পর্কে কিছু কথা না বললেই নয়, বেন টেন একটি মার্কিন অ্যানিমেশন বা কার্টুন টিভি সিরিজ যার মূল চরিত্র বেন টেনিসন নামের এক কিশোর। এই কিশোরটি তার হাতের অদ্ভুত একটি ঘড়ি দিয়ে ১০টি অ্যালিয়েনের রূপ নিতে পারে। কিন্তু তার প্রতিপক্ষও কম না, তারাও অনেক শক্তিশালী। মূলত এই নিয়ে চলতে থাকে সিরিজের কাহিনী। শুধু পর্দাতেই সীমাবদ্ধ নয় বেন, পর্দা থেকে বেরিয়ে শিশু-কিশোরদের হাতে চলে এসেছে বেন, তবে তা বিভিন্ন খেলনা আকারে। এতদূর এসে নিশ্চয় সবার জানতে ইচ্ছে করছে এ বিখ্যাত কার্টুনের পেছনে যে রয়েছে তার সম্পর্কে! বেন টেন নামের এই কার্টুনটির জন্ম হয় তরুণ প্রজন্মের এক উজ্জ্বল প্রতিভা, স্টিভেন সেগালের হাতে। তিনি মার্ভেল কমিক্সের সাথে কাজ করেন। তিনি একজন আমেরিকান কমিক রাইটার। একই সাথে তিনি টেলিভিশন, ফিল্ম, লাইভ থিয়েটার, ভিডিও গেমস ও অ্যানিমেশনের কাজের সাথেও যুক্ত রয়েছেন। ২১ মার্চ এই খ্যাতিমান মানুষটি পৃথিবীর বুকে পা রাখেন। সপরিবারে আমেরিকাতেই থাকেন তিনি। সেখানকার পরিবেশেই তার বেড়ে ওঠা। খুব ছোটবেলা থেকেই তার আঁকাআঁকির তীব্র ভালোবাসা ছিল। আর তাই বড় হয়ে ক্যারিয়ার হিসেবে বেছে নেন এই জগতটিকেই। তিনি বেশি পরিচিত ন্যাশনালি অ্যাকলেইমড, গ্রাফিক্স নোভেল ‘ইটস অ্যা বার্ড’-এর জন্য। তিনি ম্যান অব অ্যাকশন স্টুডিওতেও কাজ করেছেন। সেখানে তিনি কার্টুন নেটওয়ার্কের ‘বেন টেন’ সিরিজ নিয়ে কাজ করার সুযোগ পেয়েছেন। এই কার্টুনটি কার্টুন নেটওয়ার্কের সবচেয়ে বেশি রেটিং অর্জন করেছিল। সেই সাথে সিরিজ প্রিমিয়ারের খেতাবটিও জিতে নেয় তার কার্টুনটি। মার্ভেল কমিকসের সাথে কাজ করলেও তিনি প্রফেশনাল কাজের বাইরে নিজস্ব কাজের একটি সংগ্রহ গড়ে তোলেন। সেগালের নিজস্ব সংগ্রহ হলো—নিউমেরিয়াস কমিকস, স্ক্রিন প্লে, অ্যানিমেশন ও অরিজিনাল গ্রাফিক্স নোভেল। একটি মজার ব্যাপার হলো, তিনি বেশিরভাগ সুপারহিরো টাইপ কমিক নিয়ে কাজ করেছেন। তার কাজের মধ্যে আরও আছে এক্স-মেন সিরিজ। এই সিরিজটি সেই সময়ে উইজার্ড পুরস্কার জিতেছিল। শুধু তাই নয়, তার এই কার্টুন থেকে পরবর্তীতে সিনেমাও করা হয়েছে। এই সিনেমার প্রতিটি সিক্যুয়েল ব্যাপকভাবে সব মহলেই সাড়া ফেলেছে। এ ছাড়াও তিনি ভার্টিগো কমিক বুক নিয়ে কাজ করতেন। সেগুলোর মধ্যে ছিল—স্যান্ডম্যান মিস্টেরি থিয়েটার, হাউজ অব সিক্রেটস (এটি নিয়েও সিনেমা তৈরি হয়েছে) ও আমেরিকান ভার্জিন। এটি ২০০৭-এর জিএলএএডি মিডিয়া অ্যাওয়ার্ডের জন্য নমিনেশন পেয়েছিল। তার এই প্রফেশনাল কাজের বাইরও তিনি নিজের জন্যও কিছু কাজ করেছিলেন। সেগুলোর মধ্যে অন্যতম হলো ‘ইটস অ্যা বার্ড’। এ ছাড়া তার একটি বিখ্যাত সুপার হিরো টিমের কমিকটি অনেক জনপ্রিয়তা অর্জন করেছিল। এটি মার্ভেল কমিক্সের থেকে বের করা হয়েছিল। কমিকটির নাম ‘বিগ হিরো সিক্স’। সম্প্রতি স্টিভ সহ-লেখক ও সহ-পরিচালকের ভূমিকায় কাজ করে যাচ্ছেন। তিনি এন গিয়ার (এনডব্লিউ লাইভ ডট কম) নিয়ে কাজ করছেন। এ ছাড়াও তিনি তার কর্মের জন্য লস অ্যাঞ্জেলসের টাইমসে ও নিউ ইয়র্কের টাইমসে পরপর দুবার আসেন। ম্যান ইন অ্যাকশন স্টুডিওর সাথে তিনি একটি নতুন কমিক বুক পাবলিশ করার চেষ্টা করছেন। এটি হবে শুধু ইমেজ ও ইলাস্ট্রেশন দিয়ে।
