স্টাইল স্টেটমেন্ট

কলম

আপডেট : ২৮ মার্চ ২০১৪, ২০:২৪
তরুণদের লেখাপড়ার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে কলম। এছাড়াও নিত্যদিনের যাবতীয় কাজে সবার প্রথমেই পকেটে থাকা চাই একটি কলম। এই কলমটিই অনেক সময় হয়ে উঠে তরুণদের ফ্যাশনের একটি অংশ। নান্দনিক ডিজাইন করা বাহারি কলম দিয়ে সহজেই আপনার স্টাইল স্টেটমেন্ট তৈরি করতে পারেন, আসুন জেনে আসি তা কীভাবে। এতদিন হয়তো ভেবে এসেছেন কলম দিয়ে কেবল খসখস করে লেখাই যায়। কিন্তু কলম জিনিসটা দিয়ে যে স্টাইল স্টেটমেন্টও তৈরি করা যায় এমন ভাবে কোনো দিন ভাবার চেষ্টা করেছেন কী। যদি না হয় তাহলে নিজের কলমটায় চট করে একবার চোখ বুলিয়ে নিন। মানে কলম জিনিসটাকেও স্টাইলিশ অনুষঙ্গ হিসেবে গুরুত্ব দিতে শুরু করুন। ধরুন কোনো অনুষ্ঠানে যাচ্ছেন পকেটে একখানা অভিজাত চেহারা ফাউন্টেন পেন গুঁজে নিন। আপনার চেহারায় একটা ট্রেন্ডি অথচ ক্লাসিক টাচ এসে যাবে সঙ্গে সঙ্গে। ক্যাজুয়াল লুকের সঙ্গেও মানানসই করে কলম নিতে চাইলে তা টি-শার্টের সঙ্গে গুঁজে নিতে পারেন অথবা ব্যাগের বাইরের খাপের সাথে আটকেও রাখতে পারেন। মেয়েদের তো আরও একটি উপায় আছে কলম নিয়ে স্টাইল স্টেটমেন্ট করার যাদের মাথায় লম্বা চুল তারা খোঁপা বাঁধলে সেখানেও গুঁজে দিতে পারেন বেশ ফ্যাশনেবল একটি কলম। এতে আপনার গ্ল্যামার বাড়বে বৈ কমবে না। তবে ভুলেও কানের পাশে কলম গুঁজতে যাবেন না। তা হলে পুরো কেরানিমার্কা ভাব চলে আসবে। বরং লম্বা একটি স্ট্রিং দিয়ে মোটাসোটা সাইজের একটি কলম গলায় ঝোলাতে পারেন। তাতে ছাত্র অথচ একটা কুল লুক আসবে আপনার মধ্যে। আর দরকার অনুযায়ী সেটা খুলে নিয়েও ব্যবহার করতে পারেন যেখানে সেখানে। তাই কলম দিয়ে শুধু লেখাই যায় স্টাইল করা যায় না, এমন কনসেপ্ট পালটে ফেলতে পারেন। কলমের ধরন আবার কয়েক প্রকার যেমন ডটপেন, স্কেচ পেন, গলায় ঝোলানো পেন, ইঙ্ক পেন, জেল পেন। এর মধ্যে আবার কিছু রয়েছে বাহারি ডিজাইনের কলম। নান্দনিক ডিজাইনে তৈরি নানা ধরনের কলম পাওয়া যায় মূলত বড় বড় লাইব্রেরি, গিফট শপগুলোতে। এক্ষেত্রে আপনার জন্য রাজধানীর নীলক্ষেত হতে পারে আদর্শ জায়গা। এছাড়া বিভিন্ন শপিংমলগুলোতে এক্সসরিজের দোকানগুলোতে পেয়ে যাবেন আপনার পছন্দের কলম। দাম নির্ভর করে কলমের ডিজাইন এবং ব্র্যান্ডের উপর। সব মিলিয়ে লেখালেখির পাশাপাশি ফ্যাশনেবল কলমে হোক আপনার নিত্যদিনে স্টাইল স্টেটমেন্ট।