২০০৯ সালে শ্রীলংকায় দু’পক্ষের ওপর যুদ্ধাপরাধের যে অভিযোগ উঠেছিল তার আন্তর্জাতিকভাবে অনুসন্ধান করার অনুমোদন দিয়েছে জাতিসংঘ মানবাধিকার সংস্থা। গত বৃহস্পতিবার সংস্থাটি এ প্রস্তাব পাস করে। তবে শ্রীলংকা সরকার প্রস্তাবটি কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে। দেশটিতে অনেকদিন ধরে চলা বেসামরিক যুদ্ধের অবসান ঘটে ঐ বছর মে মাসে। কিন্তু তখন দু’পক্ষের ওপরই যুদ্ধে নৃশংসতার অভিযোগ উঠেছিল। যার ফলে ৪১টি দেশের পৃষ্ঠপোষকতায় প্রস্তাবটি গ্রহণ করে জাতিসংঘের এ সংস্থাটি। এসময় এ জঘন্য অপরাধের ব্যাপক অনুসন্ধান ও অগ্রগতি পর্যবেক্ষণের অনুমোদন দেয়া হয়। ১২টি দেশ প্রস্তাবের সমর্থনে ভোট দেয়, তবে ১২টি দেশ এর বিপক্ষে যায়। ভোটদানে বিরত থাকে আরো ১২টি দেশ। প্রস্তাবটি পাসের পূর্বে বুধবার কলম্বোতে দেশটির মুসলিম গ্রুপ তাওহীদ জামাতের শত শত সদস্য এর বিরোধিতা করে বিক্ষোভ প্রদর্শন করে। এদিকে জাতিসংঘে শ্রীলংকার প্রতিনিধি রাভিনাথ আরিয়াসিংহে এক বিবৃতিতে প্রস্তাবটি প্রত্যাখ্যান করার কথা জানান। তিনি বলেন, প্রস্তাবটি শুধু আন্তর্জাতিক আইনেরই লঙ্ঘন নয়, এটি জাতির সার্বভৌমত্বের ওপর প্রাধান্য বিস্তারের একটি উপায়।
