হিজলায় তিন কেন্দ্রের নির্বাচন বর্জনে বিএনপি, রবিবার হরতাল
বরিশাল অফিস
তৃতীয় ধাপের উপজেলা পরিষদের নির্বাচনে হিজলা উপজেলায় স্থগিত হওয়া তিনটি কেন্দ্রের ভোট গ্রহণ গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। তবে ভোট শুরুর পর আওয়ামী লীগ সমর্থকদের বিরুদ্ধে কেন্দ্র দখল করে ভোট ডাকাতির অভিযোগ এনে সকাল সাড়ে ১১টায় নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী দেওয়ান মো. শহিদ উল্লাহ ও ভাইস চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ নুরুল আলম রাজু। সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেয়ার পাশাপাশি আগামী রবিবার হিজলায় সকাল-সন্ধ্যা হরতাল আহবান করা হয়। বিএনপি সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী দেওয়ান মো. শহিদ উল্লাহ বলেন, সকাল থেকেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের সমর্থকেরা দায়িত্বরত প্রশাসনের সামনেই ভোট কেন্দ্র দখল করে নিজেদের প্রার্থী সুলতান মাহমুদ টিপুর হেলিকপ্টার প্রতীকে সিল মারা শুরু করে। জেলা রিটানিং অফিসার মো. দুলাল তালুকদার জানান, তিনি এবং পুলিশ সুপার হিজলাতেই রয়েছেন। কোন অনিয়ম তার চোখে পড়েনি। কেন বিএনপি সমর্থিত প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন এ সম্পর্কে তিনি অবগত নন।
নোয়াখালীতে বিএনপির
সংবাদ সম্মেলন
নোয়াখালী প্রতিনিধি \ আগামী ৩১ মার্চ নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়া উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে বিএনপি প্রার্থীর সমর্থকদের উপর সরকার দলীয় সমর্থকদের সন্ত্রাসী হামলা, পুলিশী হয়রানি ও গ্রেফতারের প্রতিবাদে এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে গতকাল শুক্রবার জেলা বিএনপি এক সংবাদ সম্মেলন করে। বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে এ সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারুনুর রশিদ আজাদ বক্তব্য রাখেন।
ছাগলনাইয়ায় আ’লীগ সমর্থিত
২ প্রার্থীর জরিমানা
ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা \ ছাগলনাইয়ায় নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীর ৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সূত্র জানায়, আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মেজবাউল হায়দার চৌধুরী সোহেলের আনারস প্রতীকের প্রচারণায় দুটি মাইক ব্যবহার করার অপরাধে তার ৩ হাজার টাকা এবং মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী বিবি জোলেখা শিল্পীর কলস প্রতীকের প্রচারণায় দুটি মাইক ব্যবহারের অপরাধে ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন মৃধা। উল্লেখ্য, নির্বাচনী প্রচারণার শুরু থেকেই প্রার্থীরা মোটরসাইকেল শো-ডাউন, আঠা নিয়ে বিভিন্ন স্থাপনায় পোস্টার লাগানো, একাধিক মাইক ব্যবহার, রাত ৮টার পরও মাইকে প্রচারণাসহ নিয়মিত নানাভাবে নির্বাচনী আচরণবিধি লংঘন করে আসছে বলে অভিযোগ উঠেছে।
মুরাদনগরে বিএনপি’র
প্রার্থী পরিবর্তন
মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা \ আগামী ৩১ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে মুরাদনগরে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়া সরকারকে (কাপ-পিরিচ) দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বৃহস্পতিবার বর্ধিত সভায় তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে বিএনপি’র সমর্থন প্রত্যাহার করে তাকে বহিষ্কার করে নতুন প্রার্থী হিসাবে মহিউদ্দিন অঞ্জনের (ঘোড়া) নাম ঘোষণা করা হয়। কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি সৈয়দ তৌফিক আহাম্মদের সভাপতিত্বে জেলা বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক এডভোকেট কামরুল হায়াত্ খান গোলাম কিবরিয়া সরকারের প্রতি বিএনপি’র সমর্থন প্রত্যাহার করলে উপস্থিত দলীয় নেতা-কর্মীরা করতালির মাধ্যমে এ ঘোষণাকে স্বাগত জানায়। উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোল্লা মজিবুল হক এ সময় গোলাম কিবরিয়া সরকারকে বিএনপি থেকে বহিষ্কারের ঘোষণা করেন। পরে ১৯ দলীয় জোটের ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে ইউসুফ সোহেল (মাইক প্রতীক) ও মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে কাজী তাহমিনা আক্তারকে (প্রজাপতি) পরিচয় করিয়ে দেয়া হয়।
হাজীগঞ্জে আ’লীগের
৭ নেতা বহিষ্কার
হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা \ উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলার হাটিলা (পশ্চিম) ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ৭ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে। গত বুধবার ইউনিয়ন আওয়ামী লীগের জরুরি বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বহিষ্কৃতরা হলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন টিপু, আইন বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম বাবলু মজুমদার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইয়াছিন বেপারী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আ. রাজ্জাক স্বপন, সদস্য খাজা মাইনুদ্দীন পাটওয়ারী, ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। এছাড়া উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ও ঐ ইউনিয়নের বাসিন্দা নাজমুল হক পাটওয়ারী রাসেলকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য অধ্যাপক এ কে এম ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ মুন্সি, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বিটু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সত্যব্রত ভদ্র মিঠুন, সাবেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন লিটু।
রায়পুরে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা
রায়পুর(লক্ষ্মীপুর) সংবাদদাতা \ পঞ্চম দফায় ৩১ মার্চ রায়পুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আলতাফ হোসেন মাস্টার(মোটর সাইকেল), এডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার (কাপ-পিরিচ) ও জামায়াতে ইসলামীর হাবিবুর রহমান মিন্টুর (আনারস মার্কা) সাথে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা বেশি। বিএনপি হতে সদ্য বহিষ্কৃত বদরুল আলম জিন্নাহ (দোয়াত-কলম) চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ চার প্রার্থী জয়ের আশা নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন। ১৯ দলীয় জোটের তিন প্রার্থী মাঠে থাকায় আওয়ামী লীগের একক প্রার্থী আলতাফ হোসেন মাস্টার অনেকটা সুবিধাজনক অবস্থানে আছেন। ভাইস-চেয়ারম্যান পদে বিএনপির সফিকুর রহমান ভুইয়া (তালা), জামায়াতের মোঃ শাহজাহান পাটওয়ারী(চশমা), আওয়ামী লীগের এডভোকেট আবুল কালাম আজাদ (টিয়া পাখি), সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদে জামায়াতের মারজান আক্তার (হাঁস), বিএনপির ফেরদৌসী আক্তার (কলস) ও আওয়ামী লীগের মাজেদা বেগমের (প্রজাপতি) মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা বেশি।
কেন্দ্র দখল ও ভোট জালিয়াতির ঘটনার প্রতিবাদে সাতক্ষীরা বিএনপির স্মারকলিপি
সাতক্ষীরা প্রতিনিধি \ চলমান উপজেলা নির্বাচনে সহিংসতার মাত্রা বৃদ্ধি, ব্যালট বাক্স ও ব্যালট পেপার ছিনতাই, কেন্দ্র দখল, হামলা, জালিয়াতি, ভাংচুর, হত্যাসহ বিভিন্ন ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে স্মারকলিপি প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার জেলা বিএনপির পক্ষ থেকে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের হাতে এ স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সামাদ, অ্যাড. তোজাম্মেল হোসেন তোজাম, যুগ্ম সম্পাদক অধ্যাপক মোদাচ্ছেরুল হক হুদা, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আবু জাহিদ ডাবলু, প্রচার সম্পাদক শাহিনুল করিম, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম বাবু, সদর উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, জেলা নাগরিক দলের সভাপতি ফরিদ-উদ দৌলা (নিক্সন), সদর উপজেলা ছাত্রদলের সভাপতি আনারুল ইসলাম, অ্যাড. আলমগীর আশরাফ, অ্যাড. সুমন, সাইদুল ইসলাম সাধু, আলী শাহীন প্রমুখ।
পাবনায় নির্বাচন নিয়ে জামায়াত
বিএনপি সম্পর্কে ফাটল
পাবনা প্রতিনিধি \ পাবনা সদরে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে জামায়াত বিএনপি সম্পর্ক ভাল না থাকায় সুবিধায় রয়েছে আওয়ামী লীগ সমর্থিত একক প্রার্থী। আগামী ৩১ মার্চ পঞ্চম দফার নির্বাচনে প্রার্থী মনোনয়ন দেয়াকে কেন্দ্র করে এখানে বিএনপি-জামায়াতের কেউই কাউকে ছাড় দিতে নারাজ। অপরদিকে নির্বাচনকে সামনে রেখে স্থানীয় বিএনপির একাধিক প্রার্থী মাঠে রয়েছেন। চেয়ারম্যান পদে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী স্বপন (কাপ-পিরিচ), জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র কামরুল হাসান মিন্টু সমর্থিত বিএনপি রক্ষা কমিটির ব্যানারে খন্দকার কেএম হাসানুর রহমান রনি (দোয়াত-কলম), বিএনপি মনোভাবাপন্ন স্বতন্ত্র আফজাল হোসেন বটু (ঘোড়া), জামায়াত মনোনীত অধ্যক্ষ মাওলানা ইকবাল হুসাইন (মোটর সাইকেল) ও আওয়ামী লীগের একক প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোশাররফ হোসেন (আনারস) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নয়জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পার্বতীপুর বিএনপিতে বিদ্রোহী
শক্ত অবস্থানে আওয়ামী লীগ
পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা \ পার্বতীপুরে পঞ্চম ধাপে আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে এ উপজেলার নির্বাচন। বেশ জোরেই বইছে নির্বাচনী হাওয়া। আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই উপজেলায় এবারের আওয়ামী লীগ শক্ত অবস্থানে রয়েছে। তবে বিদ্রোহী প্রার্থীর কারণে কিছুটা হলেও বেকায়দায় রয়েছে বিএনপি। প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে স্থানীয় বিএনপি নেতা মোঃ আমিনুল ইসলাম (দোয়াত কলম), ভাইস চেয়ারম্যান উপজেলা জামায়াতের আমীর আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন (চশমা) ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে স্থানীয় মহিলা দলনেত্রী সাহিদা খাতুন সাহীর (সেলাই মেশিন) প্রতীক নিয়ে লড়ছেন। বর্তমানে বিএনপির এই তিন প্রার্থী উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও জেলা ও উপজেলা বিএনপির সদস্য এস এম জাকারিয়া বাচ্চু (আনারস) বিদ্রোহী প্রার্থী হিসাবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই কারণে ইতোমধ্যেই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাগপার নেতা ইনসান আলম আক্কাস (তালা)। এসব কারণে বিএনপি কিছুটা বেকায়দা অবস্থানে। এদিকে আওয়ামী লীগে কোন বিদ্রোহী প্রার্থী না থাকায় তারা শক্ত অবস্থানে রয়েছে। আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক (ঘোড়া), ভাইস চেয়ারম্যান পদে মোঃ রেজাউল করিম (টিউবওয়েল) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছাঃ লতিফা বেগম (কলস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ফুলছড়িতে সুধীজনের সাথে
প্রশাসনের মতবিনিময়
ফুলছড়ি (গাইবান্ধা) সংবাদদাতা \ আগামী ৩১ মার্চ অনুষ্ঠিতব্য গাইবান্ধার ফুলছড়ি উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে প্রার্থী ও সুধীজনদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ফুলছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এহছানে এলাহী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার আবু বক্কর সিদ্দিক, পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন, মেজর জেনারেল মোজ্জামেল হক প্রমুখ। এসময় চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান, মাহমুদুন্নবী টিটুল, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফারজনি ইয়াসমিন রত্না, পুরুষ ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, গোলাম কিবরিয়া সবুজ, রফিকুল ইসলাম, গাইবান্ধা জেলা ১৯ দলীয় জোটের আহবায়ক আনিছুজ্জামান খান বাবু, বিএনপি নেতা হাসান আলী, স্থানীয় সাংবাদিকসহ এলাকার সুধী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গফরগাঁওয়ে বিএনপির
বিদ্রোহী প্রার্থী বহিষ্কার
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা \ গফরগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ও উপজেলা মহিলা দলের সভাপতি হাসনা হাদীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে বিএনপির যুগ্ম মহাসচিব (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পত্রে এই বহিষ্কারাদেশ দেয়া হয়। এদিকে গতকাল শুক্রবার উপজেলা শাখা জামায়াতে ইসলামীর আমীর চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা ইসমাইল হোসেন সোহেল তার নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলন করে ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তিনি বিএনপি সমর্থিত প্রার্থী উপজেলা চেয়ারম্যান পদে মোঃ মুশফিকুর রহমান এবং ভাইস চেয়ারম্যান পদে মোফাজ্জল আনসারীর পক্ষে উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের কাজ করার অনুরোধ জানান।
ছাগলনাইয়ায় ২ চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন
ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা \ ভোট কেন্দ্র দখল করে বিজয় ছিনিয়ে নেয়ার আশংকায় ছাগলনাইয়া নির্বাচনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব নুর আহাম্মদ মজুমদারের অভিযোগ নাকচ করে দিয়ে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মেজবাউল হায়দার চৌধুরী সোহেল গত বৃহস্পতিবার পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন। সকাল সাড়ে ১০টায় পৌর শহরের নিজ কার্যালয়ে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব নুর আহাম্মদ মজুমদার সংবাদ সম্মেলনে বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আমি শতকরা ৮০ ভাগ ভোট পেয়ে বিজয়ী হব। আমার আশংকা হচ্ছে ফেনীর অন্যান্য উপজেলার মতো ছাগলনাইয়া উপজেলার নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা ভোট কেন্দ্র দখল করে আমার নিশ্চিত বিজয় ছিনিয়ে নেয়ার চেষ্টা করতে পারে। নুর আহাম্মদ মজুমদার অভিযোগ করে বলেন, পুলিশ তার কর্মী-সমর্থকদেরকে হয়রানি করছে। তিনি সেনাবাহিনীর, র্যাব, বিজিবি ও পুলিশের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার পাশাপাশি প্রতিকেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়ার দাবি জানান।
