আইসিডিডিআরবি পরিদর্শনে অস্ট্রেলীয় ক্রিকেটাররা

আপডেট : ২৮ মার্চ ২০১৪, ২২:৪১
রাজধানীর আইসিডিডিআরবি হাসপাতাল পরিদর্শন করেছেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের ছয় ক্রিকেটার। গত বৃহস্পতিবার অস্ট্রেলীয় দলের এরন ফিন্স, ডেভিড ওয়ার্নার, ক্যামেরন হোয়াইট, গ্লেন ম্যাক্সওয়েল, নাথান কল্টার-নাইল, জেমস মুরিহেড ও মেডিক্যাল কর্মকর্তা জাস্টিন পাওলোনি আইসিডিডিআরবিতে যান। অস্ট্রেলীয় করদাতাদের অর্থ কীভাবে বাংলাদেশে মানুষের জীবন বাঁচাচ্ছে ও ব্যয় হচ্ছে তা দেখার জন্যই গিয়েছিলেন অস্ট্রেলীয় খেলোয়াড়েরা। তারা হাসপাতালে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন। এ সময় হাসপাতালের বিভিন্ন কর্মকাণ্ড ও অর্জনের চিত্র তাদের সামনে তুলে ধরা হয়। খেলোয়াড়েরা হাসপাতালে নিয়োজিত অস্ট্রেলীয় গবেষকদের সঙ্গেও আড্ডা দেন। গত পাঁচ দশকের বেশি সময় ধরে অন্য দেশের পাশাপাশি অস্ট্রেলিয়ার সহায়তা পাচ্ছে আইসিডিডিআরবি। ক্রিকেটার জেমস মুরিহেড পরিদর্শনকালে বলেন, প্রতিষ্ঠানটি পরিদর্শন করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। এটা চোখ খুলে দিয়েছে এবং যে অভিজ্ঞতা হয়েছে তাতে আমি আনন্দিত। আইসিডিডিআরবিকে অস্ট্রেলিয়া সহায়তা করায় তিনি গর্ববোধ করেন। আইসিডিডিআরবি’র নির্বাহী পরিচালক প্রফেসর জন ডি. ক্লেমেন্স বলেন, খেলোয়াড়দের পরিদর্শনের মাধ্যমে অস্ট্রেলিয়া ও এই কেন্দ্রের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরো বিস্তৃত হবে। একই সাথে তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন জটিল রোগের চিকিত্সার ক্ষেত্রে বাংলাদেশ বড় অগ্রগতি অর্জন করেছে। এখনো অনেক চ্যালেঞ্জ রয়েছে এবং আশাকরি, আইসিডিডিআরবিসহ বাংলাদেশের অন্য প্রতিষ্ঠানগুলো আগামী পাঁচ বছরে আরো অগ্রগতি বয়ে আনবে। প্রতি বছর প্রায় দুই লাখ দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিত্সা সেবা দিয়ে থাকে আইসিডিডিআরবি।