চট্টগ্রামে আলোচিত মা-মেয়ে হত্যাকাণ্ডের চার্জশিট আগামী ১০ দিনের মধ্যে আদালতে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। বৃহস্পতিবার সিএমপি সদর দফতরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, মামলার প্রধান আসামি রায়হান ও তার সহযোগী শহীদ ধরা পড়েছে। তারা উভয়েই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। ন্যায়বিচারের স্বার্থে নৃশংস এ জোড়া খুনের বিচার দ্রুত শেষ হোক, সকলেই সেটা চায়।
বৃহস্পতিবার বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূরে আলম ভূঁইয়ার আদালতে আসামি রায়হান ও শহীদের স্বীকারোক্তিমূলক জবানবন্দী গ্রহণ করা হয়।
গত সোমবার নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় বাসায় ঢুকে মাধ্যমিক পরীক্ষার্থী সায়মা নাজনীন নিশাত নিশো ও তার মা রিজিয়া খাতুনকে কুপিয়ে ও হাত-পায়ের রগ কেটে নৃশংসভাবে খুন করে দুর্বৃত্তরা।
