ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও পীর সাহেব চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ভোট কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই এবং জুলুম-নির্যাতন চালিয়ে প্রহসনের নির্বাচন করে সরকারের শেষ রক্ষা হবে না। সন্ত্রাস, দুর্নীতি ও কায়েমী স্বার্থবাদ প্রতিহত করে সমাজের সর্বক্ষেত্রে খোদা ভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। তিনি শুক্রবার বাদ জুমা নগরীর ডাকবাংলা সোনালী ব্যাংক চত্বরে ইসলামী আন্দোলনের খুলনা বিভাগীয় মহাসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন দলের খুলনা নগর সভাপতি মাওলানা মুজ্জাম্মিল হক।
পীর সাহেব চরমোনাই অবিলম্বে বিদ্যুতের দাম কমিয়ে সহনীয় পর্যায়ে আনার দাবি জানান।
তিনি বলেন, স্বাধীনতার ৪৩ বছরে এ দেশের জনগণ কাঙ্ক্ষিত মুক্তি ও শান্তির মুখ দেখেনি। কারণ স্বাধীনতার পর থেকে যারা এ দেশে ক্ষমতার মসনদে আছে এবং ছিল তারা দুর্নীতির মাধ্যমে নিজেদের আখের গোছাতে ব্যস্ত। এই মহা দুর্নীতিবাজ নেতাদের কাছে দেশ, জাতি ও ইসলাম নিরাপদ নয়।
সমাবেশে সংবিধানের মূল নীতিতে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন, আল্লাহ ও রাসূলের (সাঃ) দুশমন নাস্তিক মুরতাদদের শাস্তির আইন পাস, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন, ন্যায় বিচার প্রতিষ্ঠা, সন্ত্রাস দুর্নীতির মূলোত্পাটন এবং নিউজপ্রিন্ট মিলসহ খুলনার বন্ধ মিল-কারখানা চালুর দাবি জানানো হায়।
বক্তৃতা করেন ইসলামী আন্দোলনের মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুছ আহমাদ, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মুহাম্মাদ আশরাফ আলী আকন, ঢাকা মহানগর সভাপতি অধ্যাপক এটিএম হোময়েত উদ্দিন, মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, মাওলানা লোকমান হোসেন জাফরী, হাফেজ মাওলান আব্দুল আউয়াল, মাওলানা গাজী নূর আহমদ প্রমুখ।
