জিয়া রাষ্ট্রপতি হলে মেজর হলেন কিভাবে?

আপডেট : ২৮ মার্চ ২০১৪, ২৩:৪০
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশ্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রশ্ন করেন, রাষ্ট্রপতি কীভাবে মেজর হলেন? খালেদা জিয়ার পুত্র ও দলের জ্যেষ্ঠ সহ-সভাপতি তারেক রহমান গত ২৬ শে মার্চ লন্ডনে এক অনুষ্ঠানে বলেন, জিয়াউর রহমানই ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। এর একদিন পর ঢাকায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক অনুষ্ঠানে খালেদা জিয়াও একই দাবি তোলেন। রাষ্ট্রপতি থেকে সামরিক বাহিনীর নিচের পদে এ ধরনের অবনমনের ঘটনাকে নজিরবিহীন বলেও আখ্যা দেন তথ্যমন্ত্রী। গতকাল শুক্রবার কুষ্টিয়া সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ইনু। তথ্যমন্ত্রী বলেন, যুদ্ধের সময় এই প্রথম রাষ্ট্রপতি বাংলাদেশ সরকারের অধীনে মেজর পদে বহাল থেকে যুদ্ধ করেছেন। পরে উনি কর্নেল হয়েছেন, সেনাবাহিনীর উপ-প্রধান হয়েছেন, প্রধান হয়েছেন। পরবর্তীকালে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যার পরে নিজে নিজেই সামরিক শাসক হয়েছেন। সুতরাং বেগম জিয়া ডাহা মিথ্যাচার করছেন। তাকে মিথ্যাচারের এই পাগলামি বন্ধ করতে হবে। ইনু বলেন, জিয়ার জীবদ্দশায় ও খালেদা ক্ষমতায় থাকতেও তাদের মুখে এই উদ্ভট তথ্য শোনা যায়নি। তিনি বলেন, অথচ লাখো কণ্ঠে যখন সোনার বাংলা সারাদেশে প্রচারিত হচ্ছে, খালেদা জিয়া তখন ঘরে বসে জাতীয় সংগীতে শরীক না হয়ে উদ্ভট তথ্য দিয়ে বিভ্রান্তির সৃষ্টি করছেন। ইতিহাসকে নির্বাসনে পাঠিয়ে বা হত্যা করে কেউ রাজনীতিতে টিকে থাকতে পারেনি বলে উল্লেখ করেন মন্ত্রী। দুপুরে সার্কিট হাউসে দলীয় নেতাকর্মী ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রেজা ও জাসদ সভাপতি গোলাম মহসিন।