জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি দাবি করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেয়া বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। তিনি বলেন, ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর থেকে প্রবাসী সরকার (মুজিবনগর) গঠনের আগ পর্যন্ত রাষ্ট্রপতি কে ছিলেন? ২৬ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত দেশের সংকটকালে জিয়াউর রহমানই কার্যত বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। বিএনপি চেয়ারপারসন তার বক্তব্যে এটাই বুঝিয়েছেন। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ড. খন্দকার মোশাররফ হোসেনসহ গ্রেফতারকৃত সকল জাতীয় নেতার মুক্তির দাবিতে এক মানববন্ধনে রফিকুল এসব কথা বলেন।
উপজেলা নির্বাচনে কে দখল ও ভোট ডাকাতি হয়েছে জানিয়ে রফিকুল ইসলাম বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকারের চলমান সংকট উত্তরণে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিতে হবে। তিনি সরকারের কাছে অবিলম্বে একটি গ্রহণযোগ্য ও সবার অংশগ্রহণে নির্বাচন দেয়ার আহ্বান জানান।
এ সময় ড. মোশাররফ হোসেনকে মিথ্যা অভিযোগে আটক করা হয়েছে দাবি করে তিনি বলেন, তার বিরুদ্ধে যে টাকা পাচারের কথা বলা হচ্ছে তা মিথ্যা।
ঢাকাস্থ দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহজাহান চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম, নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ড. মোশাররফ হোসেনের ছেলে ব্যারিস্টার খন্দকার মারুফ হোসেন প্রমুখ।
