তৃষ্ণার্ত কাক কী করে কলসির তলায় জমে থাকা পানিতে পাথর ফেলে সেটিকে নিজের ঠোঁটের নাগালে নিয়ে এসেছিল-ছোটবেলায় এই গল্প আমরা অনেকেই পড়েছি। কিন্তু কাকের এই কথিত বুদ্ধিমত্তা কি স্রেফ গল্পেরই বিষয়। না কি বাস্তবেও বুদ্ধির এমন প্রয়োগ দেখাতে সক্ষম কাকেরা? মূলত এই প্রশ্নকে সামনে রেখেই কিছুদিন আগে কাকের বুদ্ধিমত্তা নিয়ে মজার এক গবেষণা শুরু করেছিলেন নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অব অকল্যান্ডের একদল গবেষক। গল্পের সেই কাকের মতো করেই বাস্তবের ছয়টি কাকের সামনে পানিতে ভাসমান খাবার সংগ্রহের পরীক্ষা দিয়েছিলেন তারা। আর এই পরীক্ষাসহ আরও কয়েকটি পরীক্ষায় কাকেদের ফলাফল দেখে তারা এই সিদ্ধান্তই জানিয়েছেন যে, একটি কাকের গড়পরতা যে ধরনের বুদ্ধিমত্তা রয়েছে তা পাঁচ থেকে সাত বছর বয়সী মানব শিশুর বুদ্ধিমত্তার সমতূল্য। গবেষণাটির অংশ হিসেবে ছয়টি কাকের সামনে প্রথমেই রাখা হয় পানি ভর্তি একটি পাত্র। খানিকটা পানি ভরা এই পাত্রগুলোর মাঝে কাকেদের জন্য ভাসমান কিছু খাওয়ার এমনভাবে রাখা ছিল যে পানির তল খানিকটা উঁচুতে না উঠলে সেই খাওয়ারটি কাকদের জন্য খাওয়া সম্ভব নয়। আর পানির উচ্চতা বাড়ানোর জন্য তাদের আশেপাশে গল্পের মতো করেই রাখা ছিল বেশ কিছু সামগ্রী। তবে গবেষণার স্বার্থে গবেষকরা এখানে সরাসরি কাকেদের পাশে পাথর না রেখে এমন কিছু বস্তু রেখেছিলে যেগুলোর কোনোটি ছিল কঠিন, আবার কোনোটি ফাঁপা। এ ছাড়া এগুলোর মধ্যে এমন বস্তুও ছিল যেগুলো দেখতে কঠিন মনে হলেও আদতে তা পানিতে ডোবে না, বরং ভেসে থাকে। কাজেই খাবার সংগ্রহের জন্য কাকগুলো এমন সামগ্রীই বেছে নিতে হবে যেটি পানিতে ফেললে ডুবে যাবে এবং পানির উচ্চতা বাড়াবে। পরীক্ষাতে দেখা যায়, ছয়টি কাকের প্রতিটিই তাদের বুদ্ধি দিয়ে সবচেয়ে কঠিন বস্তুটি বেছে নিয়ে পানিতে ফেলতে সক্ষম হয় এবং এভাবে পাত্রের মাঝামাঝি ভাসমান অবস্থায় থাকা খাবারগুলোও তারা সংগ্রহ করতে সক্ষম হয়। যদিও ইউ আকৃতির একটি টিউব থেকে পানি সরানোসহ অন্য আরেকটি কঠিন পরীক্ষায় গবেষকদের সামনে সাফল্যের প্রমাণ দিতে পারেনি কাকেরা। আর এসব সাফল্য ও ব্যর্থতা পর্যবেক্ষণ করেই গবেষকদলের প্রধান সারাহ জেলবার্ট কাকেদের বুদ্ধিমত্তাকে পাঁচ থেকে সাত বছর বয়সী শিশুদের সঙ্গে তুলনা করেছেন। উল্লেখ্য, নিউ ক্যালেডোনিয়ান জাতের যে কাকের ওপর এই পরীক্ষা করা হয় সেই কাকগুলো মূলত তাদের বুদ্ধিমত্তা ও উদ্ভাবনী দক্ষতার কারণে পরিচিত এবং এরাই একমাত্র নন-প্রাইমেট প্রজাতি যারা নিজেদের প্রয়োজনে ছোটখাটো হাতিয়ার তৈরি করতে পারে।
