চীন এবং জার্মানি তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো এক ধাপ এগিয়ে নিতে ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব স্থাপনে ঐকমত্য হয়েছে। জার্মানিতে সফররত চীনা প্রেসিডেন্ট শি জিনপিং শুক্রবার চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তারা এই সিদ্ধান্তের কথা জানান ।
শি জিনপিং বলেন, সামনের বছরগুলো আমাদের দুই দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। উভয় দেশই ব্যাপক সংস্কারের মাধ্যমে একটা গতিশীল ও উন্নত অর্থনীতি গড়ে তুলতে পারে। আমরা অর্জন করতে পারি আমাদের লক্ষ্য ও উদ্দেশ্যের বাস্তবায়ন। তিনি বলেন, চীন এবং জার্মানি শুধু রাজনৈতিক অংশীদারই নয়, অর্থনৈতিক অংশীদারও বটে। তাই দুই দেশের মাঝে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলতে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। আর এজন্য আমাদের মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে, যার মাধ্যমে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো মজবুত ও উন্নত করতে পারি। তিনি বলেন, আমাদের উভয়কে রাজনৈতিক বিশ্বাসযোগ্য বন্ধু হতে হবে। এজন্য নিয়মিত উচ্চ পর্যায়ের বৈঠক চালিয়ে যেতে হবে। বিভিন্ন ইস্যুতে আমাদের যোগাযোগ আরো বাড়াতে হবে। আর এর মাধ্যমেই আমরা পারস্পরিক কৌশলগত অংশীদারিত্বের বিশ্বাস দৃঢ় করতে পারবো।
