রাত পেরোলেই টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচন। সময় যতই গড়াচ্ছে প্রার্থীদের প্রচারণায় সরগরম হয়ে উঠেছে এলাকা। প্রার্থীরা বিশাল কর্মী বাহিনী নিয়ে নির্ঘুম রাতযাপন করছেন। ভোটাররাও স্ব-স্ব প্রার্থীর পক্ষে আলোচনা-সমালোচনায় মুখরিত করে রেখেছে প্রত্যন্ত গ্রামাঞ্চলসহ মাঠ-ঘাট, হোটেল-রেস্তোরাঁ। আসন্ন উপজেলা নির্বাচনে ২২জন প্রার্থী রয়েছেন, এর মধ্যে চেয়ারম্যান পদে ৬ জন ভাইস চেয়ারম্যান পদে ১২জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী রয়েছে।
চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- উপজেলা আওয়ামী লীগের প্রার্থী সাবেক সাংসদ অধ্যাপক মোহাম্মদ আলী (দোয়াত কলম), আওয়ামী লীগের সাংসদ আবদুর রহমান বদির মনোনীত সাবেক চেয়ারম্যান জাফর আহাম্মদ (আনারস), বিএনপি’র সাবেক সাংসদ শাহাজান চৌধুরীর মনোনীত প্রার্থী সরোয়ার কামাল চৌধুরী (ঘোড়া), বিএনপি’র বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আব্দুল্লাহ (টেলিফোন) ও জামায়াত প্রার্থী অধ্যক্ষ নুর আহাম্মদ আনোয়ারী (মোটর সাইকেল)। ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী ইউনুছ বাঙালী (তালা), বিদ্রোহী প্রার্থী কামাল উদ্দিন আহাম্মদ (উড়োজাহাজ), আবুল হোসেন রাজু (টিয়া পাখি), নজির আহাম্মদ কালু (বৈদ্যুতিক ভাল্ব), সোনা আলী (সিংহ), বিএনপি’র প্রার্থী রাশেদুল করিম মার্কিন (ঘুড়ি), বিদ্রোহী প্রার্থী ওমর হাকিম মেম্বার (টিউবওয়েল), জাতীয় পার্টির প্রার্থী আবুল হোসেন হেলালী (চশমা), বিদ্রোহী প্রার্থী আবদুল ওয়াজেদ (বই), সরোয়ার আলম হেলাল মুন্সি (পানির জাহাজ) ও উলামা লীগে মৌলভী রফিক উদ্দিন (মাইক)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মিস বাহার ইউছুফ (প্রজাপতি), বিএনপি প্রার্থী তাহেরা আকতার মিলী (পদ্মফুল), নাগরিক কমিটি প্রার্থীর মনোয়ারা পারভীন (ফুটবল) ও ফেরদৌস আরা বেগম (কলসি)।
