বাংলাদেশের ‘অলৌকিক’ সমীকরণ

আপডেট : ২৯ মার্চ ২০১৪, ২১:৪১
গাণিতিক হিসেবে বাংলাদেশের এখনো সম্ভাবনা আছে। সাকিব আল হাসান গতকালকের সংবাদ সম্মেলনে অবশ্য বলেছেন তারা সেটা নিয়ে খুব একটা ভাবছেন না। তারপরও বাংলাদেশের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা যে আছে, এটা তো আর মিথ্যে নয়। হোক প্রায় অবাস্তব, তবু সম্ভাবনাটা কী? টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারে ওঠার সম্ভাবনাটা কাজে লাগাতে গেলে প্রথমত বাংলাদেশকে নিজেদের বাকী দুই ম্যাচে পাকিস্তান ও অস্ট্রেলিয়াকে হারাতে হবে। তাহলে বাংলাদেশের পয়েন্ট হয়ে যাবে ৪। এবার বাংলাদেশকে প্রার্থনা করতে হবে পাকিস্তান যেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটা জেতে। তাহলে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের পয়েন্ট হবে সমান চার করে। তবে এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজ যদি শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জিতে যায়, তাহলে লাভের লাভ কিছু হবে না; বাংলাদেশ দু’ ম্যাচ জেতা সত্ত্বেও ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে ভারতের সঙ্গী হবে ক্যারিবিয়রা। এই তিনটি ম্যাচে ফল বাংলাদেশের মনমতো হলেও সমস্যার শেষ হচ্ছে না। বাংলাদেশকে এবার নিজের রানরেট অকল্পনীয় পরিমাণে বাড়াতে হবে। বাংলাদেশের রানরেট এখন -২.২০৪। আর সম্ভাব্য দুই প্রতিদ্বন্দ্বী ওয়েস্ট ইন্ডিজের +১.২২৩ এবং পাকিস্তানের +০.০৭৭। ফলে তাদের রানরেটও কমানোর প্রার্থনাও করতে হবে। সব মিলিয়ে বাস্তবতা হলো কাজটা অলৌকিক ও প্রায় অসম্ভব। তার চেয়ে ভালো হবে যদি মুশফিকুর রহিমের দল এসব সমীকরণ ভুলে আগে নিজেদের জয়টা তুলে নেয়।