‘ভুল করার কোন সুযোগ নেই’

আপডেট : ২৯ মার্চ ২০১৪, ২১:৪১
কাগজে কলমের হিসাব বলে বাংলাদেশের সাথে আজকের ম্যাচে হেরে গেলেও সেমিফাইনালে যাওয়ার সুযোগ থাকবে পাকিস্তানের। কিন্তু, কঠিন সেই হিসাবে যেতে চাইছে না দলটি। দুটি ম্যাচ জিতেই সেমিফাইনালের টিকেট পেতে চান দলের অধিনায়ক মোহাম্মদ হাফিজ। সেজন্য, দুটি ম্যাচেই কোন ভুল করা যাবে না বলেই মন্তব্য করলেন এই ক্রিকেটার। আগামীকালকের (আজকের) ম্যাচ নিয়ে আপনারা কি ভাবছেন? মোহাম্মদ হাফিজ: সামনের ম্যাচ নিয়ে যদি বলতে হয়, তাহলে চিত্রটা আমাদের সামনে একেবারে পরিষ্কার। দল হিসেবে আমরা প্রতিটি ম্যাচ জিতেই ফাইনালে যেতে চাই। এজন্য আমরা ম্যাচ ধরে এগোচ্ছি। ছেলেরা জানে যে, দুটি ম্যাচেই আমাদের ভুল করার কোন সুযোগ নেই। আমরা নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের জন্য আমরা মুখিয়ে আছি। শেষ ম্যাচে আমরা ভাল খেলেছি। ভিন্ন একটা অবস্থা থেকে আমরা ম্যাচ করে এনেছি। ভারত তিনটি ম্যাচ জিতে এর মধ্যেই সেমিফাইনালে পৌঁছে গেছে। তাদের পারফরম্যান্সটা কিভাবে মূল্যায়ন করছেন? মোহাম্মদ হাফিজ: ভারত এখন পর্যন্ত টুর্নামেন্টে বেশ ভাল ক্রিকেট খেলেছে। তারা অনেক পরিশ্রম করেছে। যোগ্য দল হিসেবেই তারা সেমিফাইনালে উঠেছে। শেষ ম্যাচের পর আপনারা বেশ অনেকদিন সময় পেয়েছেন। প্রস্তুতিটা কেমন হল? মোহাম্মদ হাফিজ: হ্যাঁ শেষ ছয়টা দিন আমরা অনেক পরিশ্রম করেছি। আমাদের টিম ম্যানেজমেন্টও কিছু কাজ গুছিয়ে ফেলেছে। সবাই আগের ম্যাচের পারফরম্যান্স ধরে রাখার জন্য শতভাগ চেষ্টা করছে। আমরা জানি শেষ দুটি ম্যাচ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবস্থাটাও এমন যে, আমাদের যেকোন উপায়ে ম্যাচ বের করে আনতে হবে। নিজেদের আমরা সেভাবেই প্রস্তুত করে নিয়েছি। দিনের খেলা, বা ফ্লাড লাইটের আলোতে খেলা; দু’টোর মধ্যে এখানে কি কোন পার্থক্য দেখতে পাচ্ছেন? মোহাম্মদ হাফিজ: আসলে কন্ডিশনে খুব একটা পরিবর্তন আসে না। রাতে বেশি কোন সুবিধাও আসে না। আর মূল কথা হল খেলোয়াড়দের যেকোন কন্ডিশনেই ভাল খেলতে হবে। অধিনায়ক হিসেবে আমি মনে করি আমাদের ব্যাটিংটা আরও ভাল করতে হবে। আগামী দুটি ম্যাচে তাই আমরা ব্যাটিংয়েই বেশি জোর দিচ্ছি।’ বিশ্বকাপে দেখা যাচ্ছে লেগ স্পিনাররা বেশ ভাল করছেন। অমিত মিশ্র, স্যমুয়েল বদ্রি, ইমরান তাহিররা ভাল ফর্মে আছেন। আপনার দলেও শহীদ আফ্রিদি ভাল লেগ স্পিনার। এটা দলের জন্য কতটা ইতিবাচক? মোহাম্মদ হাফিজ: হ্যাঁ, এই টুর্নামেন্টটা লেগ স্পিনারদের জন্য ভাল যাচ্ছে। কন্ডিশনটা যে তাদের খুব বেশি সাহায্য করছে তা বলবো না। আর টি-টোয়েন্টিতে যেকোন স্পিনারের পারফরম করাটা জরুরি। আমাদেরও শহীদ আফ্রিদি আছেন। অনেক দিন ধরেই সে দলকে ভাল সার্ভিস দিয়ে যাচ্ছে। আশা করি আগামী ম্যাচগুলোতেও ভাল খেলবে।