চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে দলের একমাত্র নিয়মিত পারফরমার তিনি। ফলে প্রায় রোজই তাকে কিছু না কিছু বলতে হচ্ছে। কিন্তু সেই বলায় আত্মতৃপ্তির কিছু খুঁজে পাচ্ছেন না এনামুল হক বিজয়। নিজেই বলছেন—ফর্মে আছেন বলেই তার বেশি দায়িত্ব নেয়া উচিত। সেটা করে দলকে ম্যাচ জেতাতে না পারার আক্ষেপ, বড়দের কাছ থেকে শেখার চেষ্টা এবং দলের ভালো করার প্রতীজ্ঞার কথা বললেন গতকাল।
এমন কয়েকটা পরাজয়ের পর আর কি আশা করার কিছু আছে বাকী দুটি ম্যাচ থেকে?
আসলে করার কিছু নেই এটা বললে ভুল হবে। ক্রিকেটে এমন সময় যায়, আপ-ডাউন হয়। আমাদের হাতে এখনও দুটি ম্যাচ আছে। এখন এই দুটি দলের বিপক্ষে যদি আমরা আলাদাভাবে ভালো কিছু করতে পারি তাহলে দলের জন্য সেটা বড় কিছু হয়ে যাবে। আমাদের কাছে এখনও যেহেতু দুটি সুযোগ আছে সেখানে ভালো কিছু করে দেখানোর চেষ্টা করছি। আসলে আমরা চাচ্ছি বাংলাদেশ দল হিসেবে ফিরে আসতে।
পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচে কেমন হতে পারে?
আসলে ওদের দলে ভালো ভালো বোলার রয়েছে। বোলার আমাদেরও আছে। কিন্তু এখন আমরা ভালো পারফর্ম করতে পারছি না। আমরা যদি প্রথমে ব্যাটিং করে ১৬০ বা ১৭০ রান করে বোলিংটা ভালো করতে পারি বা প্রথমে ফিল্ডিং করে ওদের ১৫০ রানের মধ্যে আটকে রাখতে পারি তাহলে জয়ের সুযোগ থাকবে।
আপনি রান পাচ্ছেন। কিন্তু আমরা ওপেনিংয়ে বড় জুটি পাচ্ছি না।
এশিয়া কাপের আগ পর্যন্ত আমাদের ওপেনিং পার্টনারশিপ ভালোই ছিল। এখন আমাদের হয়তো এক সাথে রানটা হচ্ছে না। তামিম ভাই অনেক পরিশ্রম করছেন। তামিম ভাই অবশ্যই আমাদের গ্রেট প্লেয়ারদের একজন। হয়তো দু’জন মিলে এক সঙ্গে হচ্ছে না। আমি আশাবাদী, সেটা দ্রুতই হবে।
এই সময়ে তামিমের সঙ্গে আপনার কথা হচ্ছে? ব্যাটিংয়ে কী সমস্যা হচ্ছে বা কিছু?
অবশ্যই। তামিম ভাই অনেক বড় খেলোয়াড়। তার কাছ থেকে আমি অনেক কিছু শেখার আছে। তিনি আমাকে বলেছেন এটা করলে ভালো হতো বা ওটা করলে ভালো হবে।
নিজে রানে আছেন, কিন্তু দল জয় পাচ্ছে না। এই অনুভূতিটা কেমন?
আসলে রান হচ্ছে এটাকেই বড় করে দেখছি না। দলের রানটা আরো বড় হতে পারতো যদি আমি ৪০ এর জায়গায় ৭০ করতে পারতাম। এর আগের ম্যাচগুলোতে যদি আমার ৪৪ বা ৪২ রানকে আমি ৭২ বা ৭৮ করতে পারতাম তাহলে দলের জন্য সেটা ভালো হতো। আমার কাছে মনে হয় যখন যে রানে তাকে তার উপর দায়িত্ব একটু বেশি থাকে ।
তাহলে আপনার আরো দায়িত্ব নেয়া উচিত...
হ্যাঁ আসলেই আমার আরো বেশি দািয়ত্ব নেয়া উচিত। হয়তো এই জায়গায় তামিম ভাই বা সাকিব ভাই থাকলে বড় ইনিংস খেলে আসতেন। আমারও সেটা করতে পারতে হবে। কারণ আমি রানে আছি।
বড় ইনিংস খেলা বা ম্যাচ জিতিয়ে ফেরা; এটা করার জন্য কী করা দরকার?
এটা আসলে গুরুত্বপূর্ণ। আমিও আশা করি একটা বড় ইনিংস খেলবো। আসলে দলে সব সময় সব ব্যাটসম্যান ভালো ফর্মে থাকে না। আমার মনে হয় আমার জায়গায় যদি তামিম বা সাকিব ভাই থাকতো তাহলো এই রানটা ৭০ বা ৮০ রান করে ফেলতো। আমি সেটা পারিনি। তবে এখনও আমার কাছে সুযোগ আছে। পরের দুটি ম্যাচে ৩০ রান করতে পারি তাহলে সেটা চেষ্টা করবো বড় করার জন্য।
