সমীকরণ বলছে, এখনও সেমিফাইনাল সম্ভব। কিন্তু, পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাবে মরচে ধরেছে আত্মবিশ্বাসে। সেমিফাইনালের প্রায় অসম্ভব পথটা তাই বাংলাদেশ আদৌ পাড়ি দেয়ার কথা ভাবছে নাকি সেটা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ড্যারিল কালিনান অবশ্য সেমিফাইনালের জন্য বাংলাদেশকে যথেষ্ট যোগ্য দল বলেই মানতে নারাজ।
সেই শ্রীলঙ্কা সিরিজ থেকেই শুরু হয়েছে বাংলাদেশের খারাপ সময়। এরপর এশিয়া কাপেও সেই একই চিত্র। মাঝে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পর্বের প্রথম দুটি ম্যাচে আফগানিস্তান ও নেপালের মত দুর্বল দলের বিপক্ষে জিতলেও হংকংয়ের বিপক্ষে হারের লজ্জা নিয়েই বাংলাদেশকে শুরু করতে হয় সুপার টেন। আর সুপার টেনের প্রথম দুটি ম্যাচেও ভাগ্যে আসেনি পরিবর্তন। কেন হঠাত্ এই ছন্দপতন? কোটি টাকা দামের প্রশ্নের জবাব নিয়ে এলেন ড্যারিল কালিনান। দক্ষিণ আফ্রিকার সাবেক এই টপ অর্ডার ব্যাটসম্যান ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে বলেন, ‘মূল সমস্যা হল, তারা (বাংলাদেশ) যথেষ্ট ভাল দল নয়। তাদের দক্ষতা আরও বাড়াতে হবে, পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে। আজকে তাদের মধ্যে আমি আগের তুলনায় বেশি আত্মবিশ্বাস দেখেছি। কিন্তু, আমার মনে হয় না, আদৌ তারা ভারতের সবগুলো উইকেট নিতে পারতো। উইকেট থেকে স্বাগতিক দল হিসেবে যতটা সাহায্য পাওয়া উচিত ততটা তারা পায়নি। ’
১০৮, ৯৮ রানের পর গত শুক্রবার ভারতের বিপক্ষে ম্যাচে ১৩৮ রান করে বাংলাদেশ। তাই ব্যাটিংয়ে আগের চেয়ে কিছুটা উন্নতি খুঁজে পাচ্ছেন কালিনান। আর এটাও জানালেন যে ভারত যোগ্য দল হিসেবেই জয় পেয়েছে, ‘হ্যাঁ, আজ তারা কিছুটা ভাল খেলেছে। বাংলাদেশকে ছোট করে দেখার কোন সুযোগ নেই। আগের থেকে ভারতের বিপক্ষে তাদের পারফরম্যান্সে কিছুটা উন্নতি হয়েছে। এটাও মনে রাখতে হবে যে, ভারত বিশ্বমানের একটা দল। সেরা দল হিসেবেই তারা ম্যাচটা জিতেছে।’
