অনিশ্চিত পথে অস্ট্রেলিয়া!

আপডেট : ২৯ মার্চ ২০১৪, ২১:৫২
কদিন আগেও চিত্রটা ছিল ভিন্ন। অ্যাশেজের শিরোপা, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় দিয়ে তখন আত্মবিশ্বাসের তুঙ্গেই ছিল অস্ট্রেলিয়া। আর ভারত ছিল ছন্নছাড়া। টানা পরাজয়ের গ্লানি, দেশের ক্রিকেটের তোলপাড় অবস্থায় মাথা নিচু করেই থাকতে হয়েছে মহেন্দ্র সিং ধোনির দলকে। অথচ, টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর পর রাতারাতি পাল্টে গেল হিসাব-নিকাশ। ধুঁকতে থাকা ভারত টানা তিন ম্যাচ জিতে প্রথম দল হিসেবে পেয়ে গেছে সেমিফাইনালের টিকেট। আর আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়ার অবস্থা একেবারেই লেজে গোবরে। কাগজে কলমে, এখনও সেমিফাইনালের রাস্তাটা বন্ধ হয়ে যায়নি অস্ট্রেলিয়ার। তারপরও আত্মবিশ্বাসের তলানীতে থাকা দলটির জন্য দারুণ ফর্মে থাকা ভারতের সামনে নামাটাই এখন বড় একটা চ্যালেঞ্জ। সেই দুটি দলই আজ মোকাবেলা করবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়। ম্যাচটা অস্ট্রেলিয়ার জন্য যতটা গুরুত্বপূর্ণ, ভারতের জন্য ততটাই স্বস্তির। সেমিফাইনালকে সামনে রেখে আজকের ম্যাচে তাই কিছু পরীক্ষা-নিরীক্ষার আভাসও পাওয়া গেল। ম্যাচের আগে গতকাল শনিবার সংবাদ সম্মেলনে এসে রবীচন্দ্রন অশ্বিন বলেন, ‘আসলে আমি ঠিক জানি না কোন পরিবর্তন আসবে নাকি। তবে, এটা আমাদের জন্য এখন পর্যন্ত বেশ ভাল একটা টুর্নামেন্ট। তিনটি ম্যাচেই আমরা জিতেছি। কালকের (আজকের) ম্যাচটা আমাদের জন্য তাই পরীক্ষা-নিরীক্ষা করার একটা সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। আমরা ম্যাচ বাই ম্যাচ ভাবছি।’ প্রথম দুটি ম্যাচের দুটিতে হেরে অস্ট্রেলিয়া দল এখন অনেকটাই ব্যাকফুটে। সেমিফাইনালে উঠতে গেলে তাদের প্রথমতো জিততে হবে শেষ দুটি ম্যাচ। তারপরও শেষ হচ্ছে না হিসাব নিকাশ, সেক্ষেত্রে বাকি দলগুলোকেও জিততে হবে দুটি করে ম্যাচ। শেষটায় চলে আসবে রান রেট। সেটা টপকাতে পারলেই মিলবে সেমিফাইনালের টিকেট। তবে, সেই ‘অসাধ্য’ স্বপ্ন দেখছে না অস্ট্রেলিয়া। কোচ ড্যারেন লেহম্যানও নিয়তি হিসেবেই মেনে নিয়েছেন বাজে পারফরম্যান্সকে, ‘এই টুর্নামেন্টে আসার আগেও আমরা বেশ ভাল করছিলাম। কিন্তু হঠাত্ করেই কি যে হল। আগের ছয়টা মাস আমাদের জন্য বেশ ভাল ছিল। এটা আমাদের জন্য শিক্ষা নেয়ার সময়। ভাল বা খারাপ সময় ক্রিকেটে আসবেই। আমাদের সময়টার সাথে মানিয়ে নিতে হবে।’ নির্দিষ্ট কোন লক্ষ্যের কথা না জানালেও ম্যাচে বেশ ভাল প্রতিযোগিতা হবে বলেই মনে করছেন লেহম্যান, ‘গত বছর ভারতের বিপক্ষে আমরা বেশ কয়েকটা ওয়ানডে ম্যাচ খেলেছি। ফলে আমাদের ব্যাপারে ওদের ভাল ধারণা আছে। আমরাও ওদের শক্তির জায়গা বা দুর্বলতাটা জানি। সব মিলিয়ে তাই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই অনুমান করছি।’ সর্বশেষ ১৬টি আন্তর্জাতিক ম্যাচের ১৫টিতেই টসে জিতেছেন ধোনি। চলমান বিশ্বকাপের সবগুলো ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করেছে ভারত। কোনবারই ১৩০-১৪০ এর বেশি রান করতে পারেনি প্রতিপক্ষ। ম্যাচ জয় পরে, আজ আগে হয়তো তাই টসটাই জিততে চাইবেন জর্জ বেইলি!