সনি ওপেনের ফাইনালে টেনিস বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত লড়াইয়ে রাফায়েল নাদাল কাল মুখোমুখি হচ্ছেন নোভাক জোকোভিচের। পুরুষ টেনিসের এই দুই শীর্ষ তারকাই গতকাল টুর্নামেন্টের সেমিফাইনালে নিজ নিজ প্রতিপক্ষের বিরুদ্ধে ওয়াকওভার পেয়েছেন। এদিকে মহিলা দ্বৈতের শিরোপা জিতেছেন একাতেরিনা ম্যাকারোভা-এলিনা ভ্যাসেনিনা জুটি।
টেনিসের ‘বিগ ফোর’ থেকে রজার ফেদেরারের পতনের পর থেকে নাদাল-জোকোভিচের দ্বৈরথকেই মানা হচ্ছে টেনিসের সবচেয়ে কাঙ্ক্ষিত ম্যাচ হিসাবে। যে দ্বৈরথে শুরুর দিকে নাদাল একচ্ছত্রভাবে আধিপত্য করলেও পরে দারুণভাবে ঘুরে দাঁড়ান জোকোভিচ। ২০১১ সালে ছয়বার নাদালের মুখোমুখি হয়ে প্রতিবারই হাসিমুখে কোর্ট ছাড়েন এই সার্বিয়ান। এই ছয় ম্যাচের মধ্যে আছে উইম্বলডন ও ইউএস ওপেনের ফাইনালও। সেই ধারা বজায় রেখে জেতেন ২০১২ সালের অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালও। কিন্তু ব্যর্থতার সেই ধারাবাহিকতা ভেঙ্গে গত বছর অসাধারণ ভাবে ফিরে আসেন নাদাল। ২০১৩ সালে চোট থেকে ফিরে দুর্দান্ত এক বছর কাটানো নাদাল সর্বশেষ ১৮ মুখোমুখিতার ১৪ টিতেই জয় নিয়ে এই দ্বৈরথে সব মিলে এগিয়ে আছেন ২২-১৭ ব্যবধানে। টানা ঐ সাতটি হারই তাকে আরো ভাল খেলতে অনুপ্রাণিত করেছে জানিয়ে নাদাল বলেন, ‘আমি তিনটি ম্যাচই হেরেছি কারণ সে সময় সে শারীরিকভাবে আমার চেয়ে ভাল অবস্থায় ছিল। তাছাড়া ঐ সময়টাতে সে আমার চাইতে ভাল খেলছিল। আর টানা সাতটি হারই হয়তো আমাকে একটা সমাধান খুঁজে বের করার জন্য অনুপ্রাণিত করেছিল। আমি চেষ্টা করেছি (পরবর্তী সময়ে) আরো বেশি আক্রমণাত্মক খেলার। আগের চাইতে আরো ভাল একজন খেলোয়াড় হবার।’
তবে আজকের ম্যাচে অতীতের এই পরিসংখ্যানের গুরুত্ব থাকবে সামান্যই। নাদাল বললেন, আজকের ম্যাচে যিনি ভাল খেলবেন তিনিই ট্রফি নিয়ে কোর্ট ছাড়বেন; এখানে অতীত রেকর্ডের ভূমিকা থাকবে সামান্যই। তিনবার সনি ওপেনের ফাইনাল খেলেও একবারও শিরোপা জিততে না পারা এই স্প্যানিয়ার্ড বলেন, ‘নোভাকের বিরুদ্ধে জেতার একমাত্র উপায় হচ্ছে নিজের সামর্থ্যের সর্বোচ্চটা ঢেলে দেয়া। নিজের সেরা খেলাটাই খেলতে হবে আমাকে। পাশাপাশি আশা করতে হবে, সে যেন নিজের সেরা ফর্মে না থাকে। আমি জানি সার্ভের সময় আমাকে নিখুঁত থাকতে হবে। কোন সন্দেহ নেই আমাকে জিততে হলে আরো বেশি আক্রমণাত্মকও হতে হবে।’
এদিকে সেমিফাইনালে দুজনের কাউকেই নামতে হয়নি কোর্টে। পেটের পীড়ার জন্য এই ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নেন টুর্নামেন্টের ২০১২ আসরের ফাইনালিস্ট ও নাদালের গতকালের ম্যাচের প্রতিপক্ষ টমাস বার্ডিচ। অন্যদিকে. জোকোভিচের প্রতিপক্ষ জাপানের কোই নিশিকরি নাম প্রত্যাহার করেছেন গ্রোয়েন ইনজুরির জন্য।
এদিকে মহিলা দ্বৈতের ফাইনালে গতকাল ম্যাকারোভা-ভ্যাসেনিনা ৭-৫, ৭-৫ গেমে হারিয়েছেন র্যাকুয়েল কপস জোনস-অ্যাবিগাইল স্পিয়ার্স জুটিকে।
