পৃথিবীর বিখ্যাত বিভিন্ন স্থাপনাসহ কোটি মানুষের বাড়িঘরে গতকাল শনিবার রাতে এক ঘন্টা বাতি জ্বলেনি। জলবায়ু পরিবর্তন এবং প্রকৃতি রক্ষায় সচেতনতা সৃষ্টির অংশ হিসেবে ‘আর্থ আওয়ার’ নামে আলো নিভিয়ে রাখার এই কর্মসূচি গ্রহণ করে ‘ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার’। দেড় শতের বেশি দেশের প্রায় সাত হাজার শহরে ঐ দেশগুলোর স্থানীয় সময় সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ‘আর্থ আওয়ার’ পালিত হয়েছে।
সিডনির অপেরা হাউস, প্যারিসের আইফেল টাওয়ার, মস্কোর রেড স্কয়ার ও ক্রেমলিন, নিউইয়র্কের আম্পায়ার স্টেট বিল্ডিং, বার্লিনের ব্রানডেনবুর্গার গেট, ইস্তাম্বুলের বসফরাস সেতু কিংবা দুবাইয়ের বুর্জ আল খলিফার মতো স্থাপনাগুলোও তাদের মনোমুগ্ধকর আলোকসজ্জা নিভিয়ে রেখেছিল।
যুক্তরাজ্যে বাকিংহাম প্রাসাদ, হাউস অব পার্লামেন্ট, টাওয়ার ব্রিজসহ লন্ডন আই আলো কমিয়ে রাখে। দেশটির প্রায় এক কোটি মানুষও আর্থ আওয়ার-এ অংশ নিতে নির্ধারিত এক ঘণ্টার জন্য বাড়িঘরের বাতি নিভিয়ে রাখেন।
উদ্যোক্তা সূত্রে জানা যায়, এ বছর অষ্টম বারের মত আর্থ আওয়ার পালন করা হলো। ২০০৭ সালে অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউসে এক ঘণ্টার জন্য বাতি নিভিয়ে শুরু করা এই আর্থ আওয়ার এখন দুনিয়ার বৃহত্তম পরিবেশ সচেতনতামূলক বার্ষিক আয়োজনে পরিণত হয়েছে বলে দাবি করেছেন উদ্যোক্তারা। গত বছর ১৫৪টি দেশের ৭ হাজার শহর এই কর্মসূচিতে অংশ নিয়েছিল।
